ইবিতে পরিবহন প্রশাসকের কার্যালয় পুড়িয়ে দিয়েছে সন্ত্রাসীরা
ইসলামী বিশ্ববিদ্যালয়ে আবারো অগ্নি সংযোগের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার ভোর রাতে অজ্ঞাতনামা সন্ত্রাসীরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনে অবস্থিত পরিবহন প্রশাসকের কার্যালয় আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে।
বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সুত্রে জানা যায়, ভোর চারটার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনে অবস্থিত পরিবহন প্রশাসক এর কার্যালয়ে অজ্ঞাতনামা সন্ত্রাসীরা পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। প্রশাসন ভবনে দায়িত্বরত আনসাররা তাৎক্ষণিকভাবে বিষয়টি প্রক্টর অধ্যাপক আলীনূর রহমানকে জানালে তিনি দমকল বাহিনী ও ইবি থানায় খবর দেন। তবে দমকল বাহিনী আসার আগেই প্রক্টর ঘটনাস্থলে এসে বেশ কয়েকজন আনসারের সহযোগিতায় আগুন নিভিয়ে ফেলেন।
পরিবহন অফিস সূত্রে জানা যায়, আগুনে অফিসের চেয়ার, টেলিফোন সেট, টেবিল, কম্পিউটার ও বেশকিছু গুরুত্বপূর্ণ ফাইলসহ অন্তত লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। তবে কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তাৎক্ষণিকভাবে সেটা কেউ বলতে পারেনি।
অপর একটি সুত্র জানায়, সরকারের শেষ সময়ে উপাচার্যকে চাপের মুখে রেখে নিয়োগ সুবিধা পেতে সরকারপন্থী চাকরি প্রার্থীরা এ ঘটনা ঘটাতে পারে।
ভারপ্রাপ্ত উপাচার্য ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আনোয়ারুল করিম বলেন, ‘ক্যাম্পাসে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। দলমত নির্বিশেষে সকলকে এ ব্যাপারে সহযোগিতা করতে হবে। অন্যথায় সন্ত্রাসী কার্যকলাপ বন্ধ করা সম্ভব নয়।’
পরিবহন প্রশাসক ড. আ. অদুদ বলেন, ‘আমি অফিসিয়াল কাজে ক্যাম্পাসের বাইরে আছি। কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা আমি জানিনা। তবে ঘটনার সাথে জড়িতদের শাস্তি দাবি করি।’
এ ব্যাপারে প্রক্টর অধ্যাপক ড. আলীনূর রহমান বলেন, ‘ কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে আমার জানা নেই’।
