দেশের দুই কোটি মানুষ আর্সেনিক ঝুঁকির মুখে: ইউনিসেফ
দেশের অন্ততঃ দুই কোটি মানুষ আর্সেনিক ঝুঁকির মধ্যে বসবাস করছে। এক জরিপে দেখা গেছে, দেশের ২৭ শতাংশ অগভীর নলকূপের পানি অনিরাপদ বা মানবদেহের জন্য সহনশীল মাত্রার (দশমিক ০৫ গ্রাম) চেয়ে বেশি মাত্রায় আর্সেনিকযুক্ত।
ইউনিসেফের ‘শিশুদের জন্য অগ্রগতি’ প্রতিবেদন ২০০৬ এ তথ্য প্রকাশ করা হয়। তবে প্রতিবেদনে বলা হয়, ভূগর্ভস্থ পানিতে আর্সেনিকের মাত্রা বেশি হওয়া সত্ত্বেও দেশের ৯৭ শতাংশ মানুষ বিশুদ্ধ পানি পান করতে পারছে।
বুধবার এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এ প্রতিবেদন উন্মোচন করা হয়। ইউনিসেফের আবাসিক প্রতিনিধি লুইস জর্জেস আর্সেনাল্ট আনুষ্ঠানিকভাবে প্রতিবেদনের মোড়ক উন্মোচন করেন।
প্রতিবেদনে বলা হয়, পল্লী অঞ্চলে আর্সেনিক কবলিত এলাকাগুলোতে বিশুদ্ধ পানি নিশ্চিত করতে পুকুর - বালি ছাকনি, বৃষ্টির পানি সংগ্রহ এবং অন্যান্য রাসায়নিক এবং অ - রাসায়নিক ছাকনির ব্যবস্থাসহ এক লাখেরও বেশি বিকল্প ব্যবস্থা স্থাপন করা হয়েছে।
আর্সেনাল্ট বলেন, ‘বাংলাদেশ বিভিন্ন চ্যালেঞ্জের মধ্যে থেকেও পয়ঃনিষ্কাশনের মতো কিছু খাতে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। পয়ঃনিষ্কাশনের ক্ষেত্রে ১৯৯০ থেকে ২০০৪ সালের মধ্যে প্রায় দ্বিগুণ সাফল্য অর্জিত হয়েছে। ১৯৯১ সালে গড় পয়নিষ্কাশন সুবিধা ছিল ২০ শতাংশ এবং ২০০৪ সালে তা ৩৯ শতাংশে উন্নীত হয়েছে। এর মধ্যে নগর পর্যায়ে ৫১ শতাংশ এবং গ্রাম পর্যায়ে ৩৫ শতাংশ পয়ঃনিষ্কাশন সুবিধা নিশ্চিত করা হয়েছে। সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য অনুযায়ী গড়ে ৬০ শতাংশ পয়ঃনিষ্কাশন সুবিধার আওতায় আনতে হবে। এক্ষেত্রে বাংলাদেশ লক্ষ্যমাত্রা অর্জন করতে পারেনি। তবে দেশে স্বাস্থ্যসম্মত পায়খানার ব্যবহার ৪৮ শতাংশে উন্নীত হয়েছে।’
ইউনিসেফের পানি, পরিবেশ এবং পয়ঃনিষ্কাশন শাখার প্রকল্প কর্মকর্তা রিক জনস্টন তার বক্তব্যে বলেন, ‘বাংলাদেশের ৩৯ শতাংশ পয়ঃনিষ্কাশনের আওতায় এসেছে। সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের জন্য তা যথেষ্ট নয়। যদিও গত তিন বছরে পল্লী এলাকায় এক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জিত হয়েছে। সরকারের কাছ থেকে আমরা জেনেছি, ২০০৬ সালের জুনে পয়ঃনিষ্কাশন ক্ষেত্রে ৭৮ শতাংশ অগ্রগতি অর্জিত হয়েছে। সহস্রাব্দের লক্ষ্যমাত্রা অজর্নের ক্ষেত্রে এ অগ্রগতি বিস্ময়কর।’
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইউনিসেফের পানি, পরিবেশ এবং পয়ঃনিষ্কাশন শাখার প্রকল্প কর্মকর্তা বীরেন্দ্র শ্রেষ্ঠা এবং জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের আব্দুল কাদের চৌধুরী।
