মাৎস্য বিজ্ঞান অনুষদের ২ দফা দাবিতে বাকৃবি আবারও উত্তপ্ত
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের মাৎস্য বিজ্ঞান অনুষদের দুই দফা দাবি আদায়ের আন্দোলন নিয়ে ক্যাম্পাসের পরিস্থিতি আবারও উত্তপ্ত হয়ে উঠেছে।
আন্দোলনকে কেন্দ্র করে শিক্ষক--শিক্ষার্থীদের মধ্যে দ্বিধা--বিভক্তি দেখা দেওয়ায় আন্দোলনে নতুন মাত্রা যোগ হয়েছে।
বাকৃবি সূত্র জানায়, আন্দোলনের পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী মাৎস বিজ্ঞান অনুষদের শিক্ষার্থীরা বুধবার বিক্ষোভ মিছিল করে ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে উপাচার্য ভবনে যায়। সেখানে তারা প্রশাসনের বিরুদ্ধে øোগান দিতে থাকে।
বিক্ষোভ সমাবেশ চলাকালে শিক্ষার্থীদের একটি অংশ প্রশাসনিক ভবনের প্রধান ফটকে অবস্থান নেয়। সকাল ১১টা থেকে দুপুর পর্যন্ত সেখানে তাদের অবস্থানের সময় বিশ্ববিদ্যালয় প্রশাসনের একটি দল ছাত্র নেতাদের নিয়ে ঘটনাস্থলে আসে। এ সময় আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে তাদের বাকবিতণ্ডা হয়।
খবর পেয়ে মাৎস বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক বজলুর রশীদ চৌধুরী ঘটনাস্থলে উপস্থিত হন। তিনি শিক্ষার্থীদের অবরোধ তুলে নিতে বলে তাদের তোপের মুখে পড়েন। এ সময় তিনি হঠাৎই পদত্যাগের ঘোষণা দিলে শিক্ষার্থীরা অবরোধ তুলে নিয়ে অনুষদে ফিরে আসে।
ডিনের পদত্যাগের বিষয়টি নিয়ে দুপুর ২টা থেকে ৪টা পর্যন্ত শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়। তবে এ বিষয়ে সমঝোতা হওয়ায় শেষ পর্যন্ত ডিন পদত্যাগ করেনি।
এ ব্যাপারে অধ্যাপক রশিদ জানান মাৎস্য বিজ্ঞান অনুষদের আন্দোলনে শিক্ষক--শিক্ষার্থীরা একমত। কিন্তু কিছু শিক্ষার্থী অগণতান্ত্রিকভাবে আন্দোলন কমিটির বাহিরে কর্মসূচি দেওয়ায় আমি পদত্যাগ করতে চেয়েছিলাম।
