২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চার জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ১০, আহত ৩৩ (আপডেট)

চার জেলায় সড়ক দুর্ঘটনায় দশজন নিহত এবং ৩৩ জন আহত হয়েছেন। এর মধ্যে চট্টগ্রামের সীতাকুন্ডে ট্রেনের ধাক্কায় একটি পিকআপ ভ্যান উল্টে গেলে দুজন ঘটনাস্থলেই এবং পরে একজন মারা যান। এ ছাড়া মুন্সীগঞ্জ, নারায়ণগঞ্জ ও যশোরে সাতজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Oct 2006, 07:42 PM

Updated : 26 Apr 2022, 03:58 PM

চট্টগ্রাম: সীতাকুন্ড উপজেলায় বুধবার সকাল সাড়ে আটটার দিকে একটি যাত্রীবাহী পিকআপ ভ্যান দ্রুত রেল ক্রসিং পার হতে গেলে চাঁদপুরগামী সাগরিকা এক্সপ্রেস ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুজন ও পরে একজন মারা যান।

নিহতরা হলেন, ফিলিপস কোম্পানির দুই কর্মকর্তা রতন, সাধন এবং ভ্যানচালক জানে আলম।

মুন্সীগঞ্জ: ঢাকা - মাওয়া মহাসড়কের সিরাজদিখান উপজেলার নিমতলী এলাকায় বুধবার সকাল সোয়া দশটায় ঢাকাগামী গাংচিল পরিবহনের যাত্রীবাহী একটি বাস একটি রিক্সাকে চাপা দিয়ে পালিয়ে গেলে রিক্সা আরোহী অজ্ঞাত এক তরুণী (১৮) ঘটনাস্থলেই নিহত হয়। দুর্ঘটনায় নিহতের মা এবং রিক্সা চালক গুরুতর আহত হন। ঘটনার পর উত্তেজিত জনতা ঢাকা - মাওয়া মহাসড়কে ব্যারিকেড দিলে রাস্তার দুই পাশে শত শত যানবাহন আটকা পড়ে। বুধবার দুপুরে অবরোধ তুলে নেওয়ার হলেও বিক্ষুব্ধ লোকজন গাংচিল পরিবহনের কোন বাস ওই সড়কে চলাচল করতে দিচ্ছে না বলে জানা গেছে।

এর আগে মঙ্গলবার রাতে একই স্থানে সিরাজদিখান থেকে ঢাকাগামী আলু বোঝাই ট্রাক ও মাওয়াগামী যাত্রীবাহী বাসের হলে এক যুবক নিহত এবং অপর তিনজন আহত হন। পুলিশ বাস ও ট্রাক আটক করেছে।

আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হযেছে।

নারায়ণগঞ্জ: বুধবার দুপুর ১ টার দিকে ঢাকা - চট্টগ্রাম মহাসড়কে বন্দর উপজেলার মালিবাগ এলাকায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে পানিতে তলিয়ে যায়। এতে কুমিল্লার কোম্পানীগঞ্জের জারু মিয়ার মেয়ে শাহীনূর (৮), দেবীদ্বারের গৌরাঙ্গের ছেলে সুজন (২) এবং অজ্ঞাত এক মহিলা (৪০) নিহত এবং ৩০ জন আহত হয়। আহতদের ঢাকা ও নারায়ণগঞ্জের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

যশোর: যশোর শহরতলীর রাজারহাট তেল পাম্পের কাছে পাটবোঝাই একটি ট্রাকের সামনের চাকা খুলে গেলে আল আমিন (১৩) নামে এক কিশোর তাতে গুরুতর আহত হয়। আশংকাজনক অবস্থায় তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তির ঘন্টাখানেক পর সে মারা যায়। সে মুড়লি এলাকার মতিয়ার রহমানের ছেলে।

একইদিন সকালে যশোর - সাতক্ষীরা রোডের মণিরামপুর ডিগ্রী কলেজের সামনে বাস চাপা পড়ে ডাক্তার মুতাব্বের হোসেন (৫০) নামে একজন নিহত হয়েছেন। এসময় তার ভাই মুারেফ হোসেন (৪৩) গুরুতর আহত হন। দুজনই মোটর সাইকেলে করে যশোরের দিকে আসছিলেন। আহতকে ঢাকায় পাঠানো হয়েছে।