মুন্সীগঞ্জে প্রবাসীর বাড়িতে ডাকাতি, গৃহকর্ত্রী আহত
মুন্সীগঞ্জ সদর উপজেলার শিলই ইউনিয়নের দেওয়ানকান্দি গ্রামের মালয়েশিয়া প্রবাসী লালন মোল্লার বাড়িতে মঙ্গলবার মধ্যরাতে ডাকাতি হয়েছে।
ডাকাতের ধারালো অস্ত্রের আঘাতে মারাত্মক আহত হয়েছে লালন মোল্লার স্ত্রী বিউটি বেগম (৩৫)। বুকে ও ঊরুতে আঘাতপ্রাপ্ত গৃহকর্ত্রীকে আশংকাজনক অবস্থায় মুন্সীগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ডাকাতরা ১৫ ভরি স্বর্নালংকার, নগদ টাকা, টেলিভিশন, মোবাইল সেটসহ প্রায় ৬ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।
জানা যায়, রাত ১২ টার দিকে র্যাব পরিচয়ে ১০/১৫ জনের একটি ডাকাত দল বাড়িতে ঢোকে। ঘরে ঢুকে ডাকাতরা বিউটি বেগমকে কুপিয়ে মালামাল নিয়ে যায়। ডাকাত দলের বেশির ভাগই মুখোশ পড়া ছিল। তবে মুখোশ ছাড়া ইসমাইল, শাহাদাত ও নুরুকে সনাক্ত করেছেন গৃহকর্ত্রী।
এরা পাশের গ্রামের বাসিন্দা। ভয়ে ওই গৃহকর্ত্রী মামলা করতে পারছেন না বলে জানা গেছে।
