ফেনীতে সাবেক ইউপি চেয়ারম্যানকে ধরতে পুলিশী অভিযান
ফেনী সদর উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ধলিয়া ইউপি চেয়ারম্যান জাকির হোসেন জসিমকে আটক করতে মঙ্গলবার ধলিয়ায় সকাল থেকে পাঁচ ঘন্টা ধরে অভিযান চালিয়েও আটক করতে পারেনি ফেনী ও সোনাগাজী থানা পুলিশ।
তার বিরুদ্ধে সোনাগাজী উপজেলা বিএনপি সভাপতি জয়নাল আবেদিন বাবলুর ওপর হামলার অভিযোগে মামলা রয়েছে বলে পুলিশ জানায়।
তবে অভিযানকালে পুলিশের সঙ্গে স্থানীয় চিহ্নিত সন্ত্রাসীরাও ছিল বলে অভিযোগ পাওয়া গেছে।
পুলিশ জানায়, চেয়ারম্যান জসিম তার কর্মীদের নিয়ে ধলিয়া এলাকায় সশস্ত্র মহড়া দিচ্ছে এমন খবর পেয়ে সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত ধলিয়ার বিভিন্ন স্থানে তল্লাশি চালানো হয়। সোনাগাজী থানার ওসি জাহাঙ্গীর ও ফেনী থানার দারোগা আশিকের নেতৃত্বে এই অভিযান চালানো হয়।
টেলিফোনে অজ্ঞাত স্থান থেকে জসিমের এক কর্মী এলাকায় মহড়া দেবার কথা অস্বীকার করে জানান, তার বিরুদ্ধে একটি মামলা থাকলেও তিনি উচ্চ আদালত থেকে জামিন নিয়েছেন।
তিনি অভিযোগ করে বলেন, অভিযানকালে সোনাগাজী থানা পুলিশের সঙ্গে একাধিক মামলার পলাতক আসামী ও বিভিন্ন এলাকার চিহ্নিত সন্ত্রাসীরা ছিল। তবে সোনাগাজী থানার ওসি জাহাঙ্গীর অভিযানকালে তাদের সঙ্গে সন্ত্রাসী থাকার বিষয়টি অস্বীকার করেন। তিনি বলেন, এলাকার মানুষের কাছ থেকে খবর পেয়ে আমরা আসামী আটকের জন্য সেখানে যাই।
