অবৈধ অস্ত্র রাখার দায়ে বরিশালে সাবেক পুলিশ কর্মকর্তার যাবজ্জীবন
বরিশাল বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মো. আব্দুল মতিন অবৈধ অস্ত্র ও গোলাবারুদ রাখার দায়ে মঙ্গলবার সাবেক এক পুলিশ কর্মকর্তাকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড দিয়েছেন।
দন্ডপ্রাপ্ত পুলিশ কর্মকর্তার নাম মো. নুরু শিকদার ওরফে নুরু দারোগা।
তার বাড়ি পটুয়াখালী সদর উপজেলার লাউকাবী ইউনিয়নের গোলবুনিয়া গ্রামে।
মামলার বিবরণে বলা হয়, এ বছরের ২১ মার্চ র্যাব - ৮ এর সদস্যরা বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদসহ নুরু দারোগাকে গ্রেপ্তার করে। এ ব্যাপারে র্যাব - ৮ এর ডিইডি জাহাঙ্গীর হোসেন বাদী হয়ে নুরু দারোগার বিরুদ্ধে অস্ত্র আইনে পটুয়াখালী থানায় মামলা দায়ের করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই ইদ্রিস আলী ২২ এপ্রিল আদালতে চার্জশিট দাখিল করেন। চার্জশিটভূক্ত ২২ সাক্ষীর মধ্যে ১৮ জনের সাক্ষ্য গ্রহণ শেষে আসামীর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক তাকে কারাদন্ড দেন।
রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন পিপি এনায়েত হোসেন বাবলু।
