২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধানমন্ত্রী আসছেন, নতুন সাজে সেজেছে মনোহরদী, সংঘর্ষের আশঙ্কা

নরসিংদীর মনোহরদীতে প্রধানমন্ত্রীর জনসভার প্রস্তুতি হিসেবে দুটি হেলিপ্যাডসহ শতাধিক তোরণ নির্মাণ করা হয়েছে। নতুন সাজে সাজানো হয়েছে উপজেলার প্রশাসনিক ভবন । এদিকে বিএনপির দুপক্ষের সংঘর্ষের আশঙ্কায় মনোহরদীতে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

নরসিংদী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Oct 2006, 05:38 PM

Updated : 26 Apr 2022, 03:57 PM

প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়া মঙ্গলবার বিকেলে বেলাব উপজেলার পোড়াদিয়ায় আড়িয়াল খাঁ নদীর ওপর নির্মিত সেতু, মনোহরদী উপজেলা অডিটরিয়াম, ডাকবাংলো, পৌরভবন, হাসপাতালের ২০ শয্যা বর্ধিতকরণ এবং ফায়ার স্টেশন উদ্বোধন করবেন। এরপর মনোহরদী ডিগ্রি কলেজ মাঠে স্থানীয় বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন।

এদিকে মনোহরদীতে প্রধানমন্ত্রীর সফরের আগে শনিবার রাতে নরসিংদী ৪ (মনোহরদী - বেলাব) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী সাংসদ সরদার শাখাওয়াত হোসেন বকুল এবং ছাত্রদলের সাবেক নেতা সানাউল হক নীরুর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এতে নীরুর ১০ সমর্থক আহত হন। এছাড়া নেতাকর্মীদের বহনকারী চারটি মাইক্রোবাস ও দুটি মোটর সাইকেলও ভাংচুর করা হয়। এ ঘটনায় নীরুসহ ৪০ জনকে আসামি করে দ্রুত বিচার আইনে মামলা হয়েছে।

সানাউল হক নীরু বলেন, প্রধানমন্ত্রীর সফরের আগে সাংসদ বকুল এ ধরনের পরিস্থিতি তৈরি করে ঘোলা জলে মাছ শিকারের চেষ্টা করছেন।

অপরদিকে বকুল এমপির সমর্থক মনোহরদী থানা ছাত্রদল সভাপতি দোলন বলেন, পূজামণ্ডপ পরিদর্শনের নামে গাড়িবহর নিয়ে নীরু ও তার সমর্থকরা সন্ত্রাসী কর্মকাণ্ড চালায়। প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে নির্মিত তোরণ ভাংচুর করে। বাধা দেওয়ায় দুপক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়।

মনোনয়ন প্রত্যাশী দুই নেতার সমর্থকদের মধ্যে আরও সংঘর্ষের আশঙ্কায় স্থানীয় প্রশাসন ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে। ইতোমধ্যে নরসিংদীসহ আশপাশের জেলাগুলো থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মনোহরদীতে আনা হয়েছে।