নগরে থেকেও ‘নাগরিক’ নয় রাজশাহীর দাসপুকুরবাসী
রাজশাহী নগরীর মধ্যে অবস্থান হলেও দাসপুকুর এলাকার বাসিন্দারা ঠিক যেন নাগরিক নন, নগরীর কোন সুবিধা এখানে পৌঁছায় না। ফলে এলাকাটির প্রায় পাঁচ হাজার অধিবাসী নানা ভোগান্তির মধ্যে দিন যাপন করছেন। এদের মধ্যে প্রায় দুই হাজার বাসিন্দা সব ধরনের নাগরিক সুবিধা থেকে বঞ্চিত।
এলাকাবাসীর অভিযোগ, সিটি কর্পোরেশনের নাগরিক হয়েও বছরের পর বছর তারা সব ধরনের নাগরিক সুযোগ--সুবিধা থেকে বঞ্চিত। বর্ষা এলেই পুরো এলাকা পানির নিচে তলিয়ে যায়। সব বয়সী মানুষই তখন দুর্ভোগে পড়েন, শিশুদের স্কুলে যাওয়াও বন্ধ হয়ে যায়।
ঘন বসতিপূর্ণ হলেও দাসপুকুরে কোন ড্রেনেজ ব্যবস্থা নেই। এলাকাবাসী জানান, নগরীতে দুই দফায় ২১ ও ২২ কোটি টাকার ড্রেনেজ প্রকল্পের কাজ হলেও ওই এলাকায় কোন ড্রেন তৈরি হয়নি। অনেকের বাড়িতেই সেনিটারি ল্যাট্রিন নেই।
এ বিষয়ে এলাকার তাহসিন নামে একজন জানান, তার নিজের বাড়িতেও ল্যাট্রিন নেই। প্রতিবেশী রাজমিস্ত্রি জহিরুলের বাড়ির ল্যাট্রিন ব্যবহার করেন। তিনি আরও জানান, তার মতো অনেকেই এখনও ল্যাট্রিন তৈরি করতে পারেননি।
দাসপুকুরের উত্তর পাড়ার অধিবাসী রঙমিস্ত্রি শামসুদ্দিন জানান, দাসপুকুর, উত্তর পাড়া ও ঘোষের মহাল এলাকায় শতাধিক বাড়িতে বিদ্যুৎ নেই। এসব এলাকায় বিদ্যুত পোল না থাকায় প্রায় দুশ বাড়িতে বিদ্যুৎ সংযোগ নেওয়া হয়েছে বাঁশের খুঁটির সাহায্যে। সংযোগ নিতে তাদের নিজেদের তার ও বাঁশের খুঁটি কিনতে হয়েছে।
সরেজমিন পরিদর্শনে দেখা গেছে, উত্তর পাড়ার প্রায় ৪০টি পরিবারে বিদ্যুৎ সংযোগ নেই। ওই এলাকায় প্রায় ৩৫টি বিদ্যুৎ পোলের দরকার বলে এলাকাবাসী জানান।
তারা আরও অভিযোগ করেন, গত চার বছরে বারবার ওয়ার্ড কমিশনার ও মেয়রের কাছে দাবি জানিয়েও সিটি কর্পোরেশনের পক্ষ থেকে নিজেদের জন্য পানির ব্যবস্থা করতে পারেননি।
এ বিষয়ে স্থানীয় ৩নং ওয়ার্ড কমিশনার মো. কামাল হোসেন জানান, ‘আমরা অনেকবার এসব সমস্যা সমাধানের উদ্যোগ নিয়েছি। মেয়রকেও লিখিতভাবে জানিয়েছি। মেয়র বারবার কথাও দিয়েছেন। কিন্তু কোন উন্নয়নমূলক তৎপরতা গ্রহণের উদ্যোগ দেখা যায়নি। তাই এলাকাবাসীর কাছে জবাবও দিতে পারছি না।’
নগরীর দাসপুকুর এলাকায় উন্নয়ন না হওয়া প্রসঙ্গে রাজশাহীর মেয়র মিজানুর রহমান মিনু এমপি বলেন, ‘নগর উন্নয়নের জন্য মহাপরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। এর আলোকে পর্যায়ক্রমে কাজ চলছে। খুব শিগগিরই দাসপুকুর এলাকায় রাস্তা--ঘাট, ড্রেন ও বিদ্যুতের সমস্যার সমাধান করা হবে।’
