লোকমনীষা মনসুরউদ্দীনের ১০২তম জন্মবার্ষিকী পালিত
লোকশিল্পী ড. মোহাম্মদ মনসুরউদ্দীনের জীবন ও কর্ম নিয়ে তার ১০২তম জন্মবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার মনসুরউদ্দীন ফোকলোর ইনস্টিটিউট (এমএফআই) ঢাকার এলিফ্যান্ট রোডে সমন্বয় কার্যালয়ে আলোচনা অনুষ্ঠান করেছে।
এমএফআই’র নির্বাহী পরিচালক অধ্যাপক আলী নিয়ামতের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক ব্যক্তিত্ব-গবেষণা ও সমাজ উন্নয়ন সংস্থা ‘দি জেনারেশনস্’র প্রতিষ্ঠাতা সভাপতি গবেষক মো. সানোয়ার হোসেন।
এছাড়া অধ্যাপক মো. নুরুন্নবী এবং অধ্যাপক সোহেলা পারভীন আলোচনায় অংশগ্রহণ করেন।
প্রধান অতিথি বলেন, ২০০৪ সালে মনসুরউদ্দীনের জন্ম শতবার্ষিকী সরকারি ও বেসরকারি কোনোভাবেই পালিত হয়নি। এ বছর ১০২তম জন্মবার্ষিকীতেও কোনো গণমাধ্যম এ বিখ্যাত লোকশিল্পী সম্পর্কে কোনো সংবাদ প্রকাশ বা প্রচার করেনি।
অধ্যাপক আলী নিয়ামত তার বক্তব্যে বলেন, বাংলা একাডেমী পুরস্কার, একুশে পদক, স্বাধীনতা দিবস পদকপ্রাপ্ত এবং ‘হারামণি’ খ্যাত ড. মনসুরউদ্দীনকে উপমহাদেশের সকল বোদ্ধা মানুষ শ্রদ্ধা করেন।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, মনসুরউদ্দীনের দ্বিতীয় সন্তান মনসুরউদ্দীন ফোকলোর ইনস্টিটিউট’র প্রতিষ্ঠাতা মহাসচিব সুফী শাহ জামালউদ্দীনের প্রথম মৃত্যুবার্ষিকীও ৩১ জানুয়ারি।
