নারায়ণগঞ্জে স্কুল ছাত্র হত্যা মামলায় ৫ জনের ফাঁসি, ১জনের যাবজ্জীবন
নারায়ণগঞ্জের স্কুল ছাত্র জুয়েল হত্যা মামলায় পাঁচজনকে ফাঁসি এবং একজনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
কঠোর নিরাপত্তার মধ্যে সোমবার নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ মোহাম্মদ আবুল মনসুর এ রায় প্রদান করেন।
একই আদালত পৃথক একটি রায়ে দণ্ডপ্রাপ্তদের পত্যেককে ১০ বছরের সশ্রম কারাদণ্ড এবং ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।
ফাঁসির দণ্ডপ্রাপ্তরা হচ্ছে, সৈয়দ আব্দুস সালাম, শাহ কালাম রনি, জাহাঙ্গীর ওরফে কালা জাহাঙ্গীর, আল--আমিন, সবুজ ওরফে হানিফ এবং যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামির নাম সুমন।
মামলার বিবরণে জানা যায়, ২০০৪ সালের ১২ সেপ্টেম্বর নারায়ণগঞ্জের গণবিদ্যা নিকেতনের ষষ্ঠ শ্রেণীর ছাত্র জুয়েলকে শহরের বেপারীপাড়ার বাসা থেকে আব্দুস সালামসহ তার কয়েকজন বন্ধু বাইরে ডেকে নিয়ে যায়। পরে তারা জুয়েলকে সালামের এক নম্বর বাবুরাইলের বাসায় নিয়ে শ্বাসরোধ করে হত্যা করে লাশ পাশ্ববর্তী ডোবায় ফেলে দেয়।
হত্যার পর নারায়ণগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা সাব ইন্সপেক্টর মাহবুব তদন্ত শেষে ছয়জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন।
১৭ জনের সাক্ষ্য গ্রহণ শেষে আদালত সোমবার এ রায় প্রদান করেন।
