সমান সুযোগ, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন বিজয়ীকে বৈধতা দেবে: রোকা
বাংলাদেশের আসন্ন সাধারণ নির্বাচনকে ‘সংকটজনক’ হিসেবে উল্লেখ করে দক্ষিণ এশিয়া বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ক্রিস্টিনা রোকা বলেছেন, সমান সুযোগ সৃষ্টি এবং অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্পন্ন হলেই কেবল তা বিজয়ীকে বৈধতা দেবে।
দু’দিনব্যাপী বাংলাদেশ সফর সমাপ্তির প্রক্কালে শুক্রবার আমেরিকান সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।
তিনি বলেন, শক্তিশালী গণতন্ত্রের জন্যে কেবল নির্বাচনই সবকিছু নয়। আমরা হরতালের মতো ধ্বংসাত্মক কর্মসূচির পরিবর্তে তর্ক-বিতর্কের জন্যে বিরোধী দলকে সংসদে দেখতে চাই।
তিনি আরও বলেন, বাংলাদেশ তার গণতান্ত্রিক ঐতিহ্যে গর্ব বোধ করতে পারে। কিন্তু সেই ঐতিহ্য ধরে রাখতে ধারাবাহিকতা প্রয়োজন। এক প্রশ্নের জবাবে রোকা বলেন, ‘আমরা আশা করছি, সকলের সমান সুযোগের একটি পরিবেশ তৈরি হবে এবং অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে নির্বাচন অনুষ্ঠিত হবে’।
বহুল আলোচিত সন্ত্রাসবাদ সম্পর্কে মার্কিন সহকারী মন্ত্রী বলেন, বাংলাদেশ এখন কয়েকটি গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জের সম্মুখীন। আর এ চ্যালেঞ্জ মোকাবেলায় সংশ্লিষ্ট সকল দলের সম্মিলিত পদক্ষেপ প্রয়োজন।
জামা’আতুল মুজাহেদিন বাংলাদেশের (জেএমবি) কথা উল্লেখ করে তিনি সন্ত্রাসবাদ মোকাবেলাকে সবেচেয়ে জরুরী চ্যালেঞ্জ হিসেবে মনে করেন। এ ব্যাপারে তিনি বলেন, ‘আমরা দেখতে চাই যে, সরকার জঙ্গিদের গ্রেপ্তার করে বিচারের আওতায় এনেছে। এক্ষেত্রে আমাদের কাছে সহায়তা চাইলে আমরা তা দিতে প্রস্তুত’।
ক্রিস্টিনা রোকা বলেন, জেএমবি’র বোমা হামলা সন্ত্রাসবাদকে বিশ্বব্যাপী সমস্যা হিসেবেই জানান দিয়েছে যা ‘আমদের সকলের জন্যেই চ্যালেঞ্জ’।
সংবাদ সম্মেলনে সন্ত্রাসবাদ মোকাবেলায় যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে সহযোগিতার কাঠামো নির্ধারণ, আসন্ন নির্বাচন, জামায়াতের সাথে জেএমবি’র যোগসূত্র ও মানবাধিকার সম্পর্কিত সাংবাদিকদের বেশকিছু প্রশ্নের মুখোমুখি হতে হয় তাকে। তবে তিনি ঘুরে ফিরে কেবল তার লিখিত বক্তব্যের মধ্যেই আবদ্ধ ছিলেন।
বাংলাদেশ সফরকালে রোকা প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, বিরোধী দলীয় নেতা শেখ হাসিনা, পররাষ্ট্রমন্ত্রী এম মোরশেদ খান, জামায়াতে ইসলামীর আমীর মতিউর রহমান নিজামী, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ও জাতীয় পার্টির সভাপতি এইচ এম এরশাদের সঙ্গে দেখা করে নির্বাচন ও সন্ত্রাসবাদ নিয়ে আলোচনা করেন।
মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী বলেন, অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়ানোর চ্যালেঞ্জের সম্মুখীন হবে বাংলাদেশ যা সমাজের সকল স্তরকে প্রভাবিত করবে। তিনি বলেন, আমেরিকানরা দেখতে চায় যে, বাংলাদেশ অথনৈতিকভাবে শক্তিশালী হয়েছে। কেননা তারা মনে করে অথনৈতিক উন্নয়নের কার্যকর চাবিকাঠি হচ্ছে বাণিজ্য।
তিনি বলেন, বাংলাদেশ প্রবৃদ্ধি অর্জনের খুব কাছাকাছি অবস্থান করছে। এর ফলে সত্যিকার অর্থেই দারিদ্র্য বিমোচন সম্ভব হবে। বিশেষজ্ঞদের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, প্রবৃদ্ধি অর্জনের অন্তরায় হিসেবে দুর্নীতি বাংলাদেশের অর্থনীতিকে আকড়ে ধরে আছে।
রোকা বলেন, সমাজের সকল স্তরের সম্মিলিত পদক্ষেপের মাধ্যমে এসব চ্যালেঞ্জ থেকে উত্তরণ সম্ভব। তাছাড়া এসব চ্যালেঞ্জ মোকাবেলায় সামর্থ্যরে সবকিছুই যুক্তরাষ্ট্র করবে বলে তিনি উল্লেখ করেন।
ক্ষমতাসীন জোটের শরিক জামায়াতে ইসলামী বাংলাদেশের সাথে জেএমবি’র যোগসূত্র থাকার অভিযোগ সম্পর্কে তিনি বলেন, এ ব্যাপারে অনেক অভিযোগ রয়েছে। তবে কোনটি সঠিক আর কোনটি সঠিক নয় সে ব্যাপারে এখনও নিশ্চিত হওয়া যায়নি। তিনি বলেন, জামায়াতের আমীর জোরালোভাবেই জেএমবি’র জঙ্গি হামলার নিন্দা জানিয়েছেন।
যুক্তরাষ্ট্রের টেরোরিস্ট ফাইন্যান্সিং অ্যাক্টের আওতায় বাংলাদেশকে অর্থ বরাদ্দের ব্যাপারে সংবাদপত্রে প্রকাশিত একটি প্রতিবেদন সম্পর্কিত এক প্রশ্নের জবাবে রোকা বলেন, না, আমি এ ধরনের কোনও কথা বলিনি। তবে শিগগিরই মানি লন্ডারিং আইনটি সংশোধন করা হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
