নির্বাচন কমিশন সংস্কার ছাড়া বাংলাদেশে অবাধ, নিরপেক্ষ, গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয়: ইইউ ট্রয়কা
বাংলাদেশ সফরত ইউরোপীয় ইউনিয়নের উচ্চ পর্যায়ের ট্রয়কা প্রতিনিধিদল মঙ্গলবার বলেছে, নির্বাচন কমিশন সংস্কার ছাড়া বাংলাদেশে অবাধ, নিরপেক্ষ, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠান সম্ভব নয়।
তারা এমন একটি স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন কমিশন প্রতিষ্ঠার ওপরও গুরুত্বারোপ করেন, যা হবে প্রধানমন্ত্রী কার্যালয়ের কোনও ধরনের প্রভাবমুক্ত এবং যার নিয়োগ প্রক্রিয়া ও অর্থনৈতিক কর্মকাণ্ড হবে স্বচ্ছ।
পররাষ্ট্রমন্ত্রী এম মোরশেদ খানের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে ট্রয়কা প্রতিনিধিদলের প্রধান অস্ট্রিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের পরিচালক নিকোলাস শের্কের বক্তব্যে এ কথাই প্রতিফলিত হয়।
নিকোলাস শের্ক বলেন, অবাধ, নিরপেক্ষ, শান্তিপূর্ণ ও সকলের কাছে গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে যে কোনও ধরনের কারচুপি পরিহার করতে হবে। এ ব্যাপারে আমরা সকল প্রস্তুতি গ্রহণের আহ্বান জানাবো।
তিনি বলেন, আমি মনে করি বাংলাদেশের উন্নয়নে এটি মাইলফলক ও অগ্রবর্তী পদক্ষেপ হিসেবে বিবেচিত হবে। তাছাড়া দেশের জনগণও এটি চায় বলে আমার মনে হয়।
তিনি আশা প্রকাশ করে বলেন, বাংলাদেশের জনগণ রাজনীতিকদের জবাবদিহিতা নিশ্চিত করবে। বাংলাদেশের ভবিষ্যত এবং বিদেশে দেশটির ভাবমূর্তি উজ্বল করতে এটি খুবই গুরুত্বপূর্ণ।
বাংলাদেশের হানাহানির রাজনীতির কথা উল্লেখ করে শের্ক বলেন, এখানকার রাজনীতি ‘খুবই ধ্বংসাত্মক’ পথে এগোচ্ছে বলেই মনে হয়। দেশের কল্যাণে এবং এর অর্থনীতি ও বিদেশে এর ভাবমূর্তি রক্ষায় তিনি সকল রাজনৈতিক ব্যক্তিত্বকে এক সাথে কাজ করার আহ্বান জানান।
তিনদিনের সফরে সোমবার ঢাকায় আসা ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলটি মঙ্গলবার সকালে এলজিআরডি মন্ত্রী আব্দুল মান্নান ভূঁইয়া, পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা রিয়াজ রহমান ও পররাষ্ট্র সচিব হেমায়েতউদ্দিনের সঙ্গে প্রায় দুই ঘন্টা ধরে বৈঠক করে।
এর আগে সোমবার রাতে প্রতিনিধি দলটি বাংলাদেশের সুশীল সমাজ প্রতিনিধিদের সঙ্গে একটি বৈঠক করেন। ওই বৈঠকে সুশীল সমাজের প্রতিনিধিরা অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে নির্বাচন কমিশনে ব্যাপক সংস্কারের পক্ষে মত দেন।
এছাড়াও বৈঠকে নির্বাচন, সন্ত্রাসবাদ, মানবাধিকার লঙ্ঘনসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ ইস্যু এবং বাণিজ্যের ক্ষেত্রে বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে সহযোগিতার ব্যাপারে আলোচনা হয়।
নিকোলাস শের্ক জানান, তারা ইউরোপীয় ইউনিয়ন ও বাংলাদেশের মধ্যকার সহযোগিতা এবং উদ্বেগের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন। তিনি বলেন, এ কারণেই আমরা বাংলাদেশে এসেছি। এটিই আমাদের প্রথম বাংলাদেশ সফর। আমরা বাংলাদেশের সাথে আলোচনায় বুঝেছি, বাংলাদেশ সহযোগিতার ক্ষেত্র নিয়ে আলোচনা করতে এবং আমাদের মতামত গ্রহণ করতে আগ্রহী।
নির্বাচন কমিশন সংস্কার সম্পর্কে তারা আলোচনা করেছেন কিনা এ প্রশ্নে শের্ক বলেন, আমরা বাংলাদেশের হানাহানির রাজনৈতিক চরিত্র নিয়ে সুনির্দিষ্টভাবে আলোচনা করেছি।
বাংলাদেশের জনগণ গণতান্ত্রিক প্রক্রিয়ার সাথে গভীরভাবে জড়িত থাকলেও নিকোলাস শের্ক এ ব্যাপারে কিছুটি হাতাশা প্রকাশ করেন।
তিনি বলেন, গণতন্ত্র যেভাবে অগ্রসর হওয়া দরকার এখানো ঠিক সেভাবে এগোচ্ছে না। সংসদই সকল আলোচনার কেন্দ্রবিন্দু। কিন্তু এখানে সেটি সঠিকভাবে কার্যকর হচ্ছে না।
তিনি আরও বলেন, বিশ্ব যেহেতু এখন একটি সমন্বিত অংশ, তাই এর কোনও একটি দেশে সংকট দেখা দিলে তা পুরো বিশ্বকে প্রভাবিত করে। তাই আমরা বাংলাদেশের উদ্বেগাকুল বন্ধু হিসেবেই এখানে এসেছি, কোনও ধরনের হস্তক্ষেপ করতে নয়। তবে আমরা মতামত প্রদান করে একত্রে কাজ করতে চাই।
নির্বাচন পর্যবেক্ষক পাঠানোর ব্যাপারে শের্ক বলেন, তারা এ ব্যাপারে আলোচনা করেছেন। আমাদের অংশগ্রহণের সুযোগ থাকলে আমরা বাংলাদেশ সরকারের সাথে একত্রে কাজ করতে প্রস্তুত হব। এ ব্যাপারে বাংলাদেশের সুশীল সমাজের সাথে তাদের যোগাযোগ রয়েছে বলে তিনি উল্লেখ করেন।
সন্ত্রাসবাদ মোকাবেলার ব্যাপারে ইইউ প্রতিনিধিদলের নেতা বলেন, সন্ত্রাসীরা বাইরের দেশ থেকে অর্থ পাওয়ায় উগ্রবাদ ও সন্ত্রাসবাদ এখন আন্তর্জাতিক রূপ পেয়েছে। এটি এখন আন্তর্জাতিক উদ্বেগের বিষয়। সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করার জন্যে ঐক্যবদ্ধ পদক্ষেপ প্রয়োজন। তাই আমরা একত্রে কাজ করতে সম্মত। আর বাংলাদেশ সরকার এ বিষয়টি গুরুত্বের সাথেই দেখছে।
তিনি বলেন, আলোচনার সময় তারা মানবাধিকার, সুশাসনসহ বেশ কিছু ইস্যুতে আলোচনা করেছেন। চমৎকার আলোচনা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
তিনি আরও বলেন, এসব ব্যাপারে বাংলাদেশের পক্ষ থেকেও মতামত প্রদান করা হয়েছে এবং বাংলাদেশ ইউরোপীয় ইউনিয়নের সাথে একত্রে কাজ করতে সম্মত হয়েছে। নির্বাচন পর্যবেক্ষক দল পাঠানোর মাধ্যমেই এটি শুরু হতে পারে বলে তিনি আভাস দেন।
বৈঠক শেষে এলজিআরডি মন্ত্রী আব্দুল মান্নান ভূঁইয়া সাংবাদিকদের বলেন, তার দল নির্বাচন কমিশনের ব্যাপারে বিরোধী দলী আওয়ামী লীগের সাথে আলোচনা করতে এবং যে কোনও ভালো প্রস্তাব গ্রহণ করতে প্রস্তুত।
তিনি বলেন, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন হলে তার দলেরই জয়ী হবার সম্ভাবনা বেশি। তাই তারা অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে প্রতিশ্র“তিবদ্ধ।
পররাষ্ট্রমন্ত্রী এম মোরশেদ খান সাংবাদিকদের বলেন, ইইউ প্রতিনিধি দলটি এখানকার হানাহানির রাজনীতি বন্ধে ফলপ্রসূ আলোচনা করার জন্যে এবং সহযোগিতার ক্ষেত্র বাড়তে বাংলাদেশে এসেছে।
ইউরোপীয় ইউনিয়নের ট্রয়কা প্রতিনিধি দলটির বুধবার বিরোধী দলীয় নেতা শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করার কথা রয়েছে।
ইউরোপীয় ইউনিয়নের ট্রয়কার এটাই প্রথম বাংলাদেশ সফর। উচ্চ পর্যায়ের এ দলটির ইউরোপীয় ইউনিয়নভুক্ত ২৫টি দেশের পক্ষে কথা বলার অধিকার রয়েছে।
প্রতিনিধি দলটির সঙ্গে আরও যারা রয়েছেন তারা হলেন, ইউরোপীয় কমিশনের এশিয়া বিষয়ক ভারপ্রাপ্ত পরিচালক জেমস্ মোরান, ইইউ’র আসন্ন ফিনিশ প্রেসিডেন্সি’র প্রতিনিধি ও এশিয়া ও ওশেনিয়া বিষয়ক পরিচালক পেখা মেটসো এবং অভিন্ন পররাষ্ট্র ও নিরাপত্তা নীতি বিষয়ক উচ্চ প্রতিনিধি মাইকেল সোয়ান।
