বগুড়ার শেরপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত
বগুড়ার শেরপুর উপজেলায় সোমবার গভীর রাতে ও মঙ্গলবার সকালে পৃথক সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত হয়েছে।
নিহতরা হলো- ধুনট উপজেলার নিমগাছী ইউনিয়নের শিয়ালী গ্রামের আবদুস সামাদের ছেলে খসরু মন্ডল (৩৫), শাজাহানপুর উপজেলার লক্ষ্মীকোলা গ্রামের জিনাত আলীর ছেলে আব্দুল হামিদ (৩০) ও ট্রাক চালক ঢাকার সুত্রাপুর কলতাবাজারের কুতুব উদ্দিনের ছেলে মফিক উদ্দিন (৪৮)।
প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার সকালে শেরপুর ছেড়ে আসা ধুনটগামী একটি মিনিবাস শেরপুর উপজেলার বোয়ালকান্দি বেইলি ব্রিজের ওপর বিপরীতমুখী একটি মোটর সাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মোটর সাইকেল আরোহী খসরু মণ্ডল নিহত হন এবং মোটরসাইকেল চালক আব্দুল হামিদ আহত হন। শেরপুর হাসপাতালে নেয়ার পথে তার আবদুল হামিদের মৃত্যু হয়।
অন্যদিকে সোমবার রাত আড়াইটার দিকে শেরপুর উপজেলার মীর্জাপুর আমবাগান এলাকায় উত্তরবঙ্গ মহাসড়কে গাইবান্ধা থেকে ঢাকাগামী সুন্দরবন কুরিয়ার সার্ভিসের কাভার্ডভ্যান (ঢাকা-মেট্রো-ট-১১-০২৬৬) বগুড়াগামী একটি ট্রাককে (বগুড়া-ড-৪২০১) সামনে থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে ট্রাক চালক মফিক উদ্দিনের মৃত্যু হয়।
