নীলফামারীতে সরকারী সহায়তার অভাবে আদা উৎপাদন ব্যাহত হচ্ছে
নীলফামারীতে উৎপাদিত আদা দেশের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি করা সম্ভব হলেও সরকারী সুষ্ঠু পরিকল্পনা ও ব্যবস্থাপনার অভাবে আদা উৎপাদন ব্যাহত হচ্ছে।
এছাড়া উন্নতজাতের বীজ, আর্থিক সহায়তা ও বৈজ্ঞানিক চাষাবাদ পদ্ধতির অভাবসহ নানা সমস্যার কারণে জেলায় আদা চাষ কমে যাচ্ছে।
প্রতি বছর দেশে আদার চাহিদা ৯৬ হাজার মেট্রিক টন হলেও দেশের চাহিদা মেটাতে প্রতি বছর ৫৩ হাজার মেট্রিক টন আদা বিদেশ থেকে আমদানি করতে হচ্ছে।
একসময় এ জেলায় উৎপাদিত উন্নত মানের আদা দেশের চাহিদা মিটিয়ে বিদেশেও রপ্তানি হতো। এখনও নীলফামারীতে উৎপাদিত আদা দেশের মোট চাহিদার প্রায় ১৬ শতাংশ পুরণ করছে। গোটা দেশে উৎপাদিত আদার প্রায় ৩০ ভাগ আবাদ হয় নীলফামারীতে।
চলতি বছরে জেলার ছয়টি উপজেলায় এক হাজার ১শ’ ২৫ হেক্টর জমিতে আদা উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১৬ হাজার ৭৫ মেট্রিক টন।
শহরের বাড়াই পাড়ার কৃষক জিল্ল¬ুর রহমান বিডিনিউজকে জানান, এবার তিনি চার বিঘা জমিতে প্রায় দেড় লাখ টাকা ব্যয়ে আদা আবাদ করেছেন। আদা ওঠা পর্যন্ত পরিচর্যার আরও খরচ বাকি। কিন্তু আদা ওঠার পর আগের মতো লাভ পাবেন কিনা এনিয়ে তিনি সন্দিহান রয়েছেন।
নীলফামারীতে সরকারী উদ্যোগে একটি আদা প্রক্রিয়াজাত শিল্প স্থাপনের দাবি দীর্ঘদিন ধরে বার বার উপেক্ষিত হচ্ছে বলে তিনি জানান।
মশলা গবেষণা ইনিষ্টিটিউট আদা নিয়ে দীর্ঘদিন ধরে গবেষণা করছে বলে শোনা গেলেও তারা এ পর্যন্ত কোন ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করতে পারেনি।
স্থানীয় কৃষকরা জানায়, উন্নত জাতের বীজ ও বৈজ্ঞানিক পদ্ধতিতে চাষাবাদ এবং পর্যাপ্ত ঋণসহ অন্যান্য সুযোগ সুবিধা দেয়া হলে আদা উৎপাদন করে দেশের অভ্যন্তরীণ চাহিদা পূরণের পর বিদেশে রপ্তানি করে দেশের অর্থনীতিতে আশাব্যঞ্জক ভূমিকা রাখা যেতো।
