২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দেশের প্রথম ডিএনএ ল্যাবরেটরির উদ্বোধন

ডিএনএ পরীক্ষার মাধ্যমে সন্ত্রাসীদের সনাক্ত করতে সোমবার ঢাকা মেডিকেল কলেজের ফরেনসিক মেডিসিন বিভাগে দেশের প্রথম জাতীয় ফরেনসিক ডিএনএ প্রফাইলিং ল্যাবরেটরি চালু করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jan 2006, 07:59 PM

Updated : 26 Apr 2022, 03:22 PM

ঢাকা মেডিকেল কলেজের শহীদ ডা. মিলন অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এ ল্যাবরেটরি উদ্বোধন করা হয়।

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী খুরশীদ জাহান হকের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন প্রধান অতিথি এবং ডেনমার্কের রাষ্ট্রদূত নিয়েলস সেভারিন মুঙ্ক বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব একেএম শামসুদ্দীন, অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন, ঢাকা মেডিকেল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রমুখ উপস্থিত ছিলেন।

ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, সন্ত্রাসীদের সনাক্ত করতে এখনও যথাযথ আইন না থাকা সত্ত্বেও আধুনিক এ ল্যাবরেটরি প্রতিষ্ঠা করা হল।

এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার জন্যে তিনি আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রীকে আহ্বান জানান।

মন্ত্রী বলেন, এ ল্যাবরেটরির মাধ্যমে অভিযুক্তদেরকে দ্রুত আদালতে হাজির করা সহজ হবে।

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী খুরশীদ জাহান হক জানান, ডেনমার্ক সরকার এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ, স্বরাষ্ট্র, সমাজ কল্যাণ, তথ্য এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সহায়তায় এ ডিএনএ ল্যবরেটরিটি প্রতিষ্ঠা করা হয়েছে।

তিনি বলেন, দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষও যাতে এ ধরনের ল্যাবরেটরির সুবিধা নিতে পারে সেজন্যে বিভাগীয় পর্যায়ে আরও পাঁচটি ডিএনএ ল্যাবরেটরি স্থাপনের কাজ চলছে।

নারী নির্যাতন দমনের লক্ষ্যে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় তিন বছর আগে এ ল্যাবরেটরি স্থাপনের উদ্যোগ নেয়।