গাইবান্ধায় বোমাসহ জেএমবি’র এহসার সদস্য গ্রেপ্তার
র্যাবের একটি দল রোবার রাতে গাইবান্ধা সার্কিট হাউজ ও এলজিইডি ভবন সংলগ্ন আইয়ুব আলী আনছারী মসজিদ থেকে নিষিদ্ধঘোষিত জামা’আতুল মুজাহিদীন (জেএমবি) এর একজন এহসার (আত্মঘাতী) সদস্যকে গ্রেপ্তার করেছে।
র্যাব সদস্যরা এসময় তার কাছ থেকে দুটি বোমা ও পাঁচটি জেহাদী বই উদ্ধার করে।
গ্রেপ্তারকৃত এহসার সদস্যের নাম- জিয়াউর রহমান বাদল ওরফে রিয়াজ আহম্মেদ (২২)। সে চাঁপাইনবাবগঞ্জ জেলার কোদালকাটি গ্রামের ইসলাম আলীর ছেলে। সে জেএমবি’র গাইবান্ধা জেলা কমান্ডার।
পুলিশ ও গ্রেপ্তারকৃত এহসার সদস্য সূত্রে জানা গেছে, সাঘাটা উপজেলার কামাল ও অপর চারজন আত্মঘাতী বোমাবাজ জেএমবি ক্যাডারের সাথে অপারেশন চালানোর জন্যে জিয়াউর রহমান গাইবান্ধায় এসে ওই মসজিদে অবস্থান নেয়। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব সদস্যরা ওই মসজিদে এলে তাদের দেখেই জেএমবি ক্যাডাররা অন্ধকারে দৌঁড়ে পালিয়ে যায়। কিন্তু র্যাব সদস্যরা ধাওয়া করে জিয়াউর রহমানকে ধরে ফেলে। র্যাব সদস্যরা এ সময় জঙ্গি বাদলের ব্যাগ থেকে নীল স্কচঠেপ দিয়ে মোড়ানো দু’টি তাজা বোমা ও পাঁচটি জেহাদী বই উদ্ধার করে।
সোমবার গ্রেপ্তারকৃত জিয়াউর রহমানকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে হাজির করে পুলিশ দশ দিনের রিমান্ডের আবেদন জানায়।
