হরতালে দেশের বিভিন্ন স্থানে সংঘর্ষে ২শ’ আহত, গ্রেপ্তার ৫শ, এমপি লঞ্ছিত
মারমুখি পুলিশের বেধড়ক লাঠিচার্জ, বিএনপি কর্মীদের গুলি, ধাওয়া পাল্টা ধাওয়া, দফায় দফায় সংঘর্ষ, বোমাবাজি, ভাংচুর ও ব্যাপক ধর - পাকড়ের মধ্য দিয়ে রোববার আওয়ামী লীগসহ ১৪ দল আহূত সারাদেশে সকাল - সন্ধ্যা হরতাল পালিত হয়েছে।
পুলিশের আক্রমণ ও সংঘর্ষে ঢাকা, রংপুর, টঙ্গী, জামালপুর ও মুন্সীগঞ্জে দু’ শতাধিক ব্যক্তি আহত হয়। পুলিশ প্রায় পাঁচ শতাধিক নেতা কর্মীকে আটক করে। পুলিশের হাতে লাঞ্ছিত হন আওয়ামী লীগের সাংসদ কর্ণেল (অবঃ) ফারুক খান। দলের অপর সাংসদ মোহাম্মদ নাসিমও পুলিশি হামলার শিকার হন।
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও সম্প্রতি নিযুক্ত দুই নির্বাচন কমিশনারের (ইসি) অপসারণ, তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন কমিশন সংস্কার এবং আদালতের রায় অনুযায়ী ভোটার তালিকা প্রণয়নের দাবিতে এ হরতাল ডাকা হয়।
দেশব্যাপী পালিত এ হরতালে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা কার্যত অচল হয়ে যায়। স্থবির হয়ে পড়ে উৎপাদন ও অর্থনৈতিক কর্মকাণ্ড।
হরতাল চলাকালে জামালপুরের তারাকান্দায় বিএনপি কর্মীরা আওয়ামী লীগের মিছিলে গুলি চালালে ছয়জন গুলিবিদ্ধ হয়। রংপুরে পুলিশ হরতালকারীদের ওপর রাবার বুলেট ছুঁড়লে সংঘর্ষ বাধে এবং শহর রণক্ষেত্রে পরিণত হয়। প্রায় চার ঘন্টা ধরে চলা সংঘর্ষে ৬০ জন আহত হয়।
হরতাল চলাকালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউ, গুলিস্তান, পল্টন, মতিঝিল, মগবাজার, মালিবাগ, তেজগাঁও, মহাখালী, মিরপুর, লালবাগ, রাসেল স্কোয়ারে সংঘর্ষের ঘটনা ঘটে। আটককৃতদের মধ্যে ঢাকা মহানগর আওয়ামী লীগ নেতা কাজী মোস্তাক এলেনসহ বিভিন্ন স্তরের নেতা কর্মী রয়েছেন।
রাজধানীর বিভিন্ন এলাকায় ভোর থেকেই বিপুল সংখ্যক আর্মড পুলিশ, টহল পুলিশ ও নিরাপত্তা কর্মী মোতায়েন করা হয়।
বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ের প্রবেশ মুখ, জিরো পয়েন্ট এবং মুক্তাঙ্গনসহ শহরের বিভিন্ন স্থানে পুলিশ কাঁটাতারের ব্যারিকেড দেয়।
সকাল সাড়ে ৬ টায় আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগসহ সহযোগী সংগঠনগুলোর একটি মিছিল পল্টন এলাকায় এলে পুলিশ মিছিলে লাঠিচার্জ করে। এতে আহত হয় ছয় - সাতজন।
প্রায় একই সময় ওয়ার্কার্স পার্টির একটি মিছিল কেন্দ্রীয় কার্যালয় থেকে পল্টন মোড় ঘুরে মতিঝিলের দিকে এগিয়ে গেলে পুলিশ হামলা চালায়। এতে প্রায় ১৪ - ১৫ জন নেতাকর্মী আহত হয়। পুলিশ সেখান থেকে ২০ জনকে আটক করে।
এদিকে সকাল সাড়ে ৭ টায় মহাখালী চৌরাস্তা এলাকায় তোফায়েল আহমেদ, কর্ণেল (অবঃ) ফারুক খান এমপি, আলহাজ রহমতউল্লfহ এবং কাজী মোস্তাক এলেনের নেতৃত্বে একটি মিছিল বের হলে পুলিশ চারদিক থেকে মিছিলটি ঘিরে ফেলে ব্যাপক লাঠিচার্জ করে। এতে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়। সেখানে আহত হয় ১০ - ১২ জন নেতাকর্মী। পুলিশ মহানগর নেতা এলেনসহ আট - দশ জনকে আটক করে।
রাজধানীর শ্যামপুর এলাকায় সকাল ৮ টায় আওয়ামী লীগসহ ১৪ দলের একটি মিছিল বের হলে পুলিশ লাঠিচার্জ করে। সেখান থেকে ১২ জন নেতাকর্মীকে আটক করা হয়।
আজিমপুর এলাকায় সকাল ১১টায় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলো মিছিল বের করলে পুলিশ হামলা চালায় এবং লাঠিচার্জ করে। এতে সাত/আটজন নেতাকর্মী আহত হয়। পুলিশ এখান থেকে লালবাগ থানা ছাত্রলীগ সভাপতি সাগর আহমেদকে আটক করে।
নগরীরর জিরো পয়েন্ট মোড়ে সকাল ১১টায় তোফায়েল আহমেদের সাথে কয়েকজন নেতাকর্মী আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ের দিকে এগিয়ে গেলে পুলিশ লাঠিচার্জ করে। পুলিশের বেধড়ক লাঠিচার্জ ও বুটের আঘাতে রফিক নামে স্বেচ্ছাসেবক লীগের এক কর্মী গুরুতর আহত হয়। তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পল্টন মোড়ে যুব মহিলা লীগের সভাপতি নাজমা আক্তারের নেতৃত্বে সংগঠনের ২০ - ২৫ জন নেতাকর্মীর একটি মিছিলে পুলিশ বাধা দেয়। পুলিশি বাধায় তারা ফিরে যেতে শুরু করলে পুলিশ লাঠিচার্জ করে। এক পর্যায়ে পুলিশ তাদেরকে পদাঘাত করে রাস্তায় ফেলে দেয়। এতে পাঁচ -- ছয় জন আহত হয়। এসময় পুলিশ নয়জন যুব মহিলা কর্মীকে আটক করে।
তেজগাঁওয়ে সাবেক সাংসদ এইচবিএম ইকবালের নেতৃত্বে একটি মিছিলে পুলিশ ধাওয়া ও লাঠিচার্জ করলে ইকবালসহ বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন। তাকে নগরীর একটি ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
টঙ্গীতে হরতালকারীদের মিছিলে পুলিশ হামলা চালালে সাংসদ জাহিদ আহসান রাসেল ও পৌর চেয়ারম্যান আজমতউল্লাহ্সহ প্রায় ৫০ জন আহত হন।
এদিকে কমলাপুর রেলস্টেশন সংলগ্ন বস্তির পাশে সকাল সোয়া ১১টায় একটি বোমা বিস্ফোরণে ইমরান (১৬) নামের এক তরুণ মারাত্মক আহত হয়। তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে আওয়ামী লীগসহ ১৪ দলের নেতাকর্মীরা সকাল থেকে দুপুর পর্যন্ত কেন্দ্রীয় কার্যালয়ের কাঁটাতারের ব্যারিকেডের বাইরে মুক্তিযোদ্ধা ক্রীড়াচক্রের সামনের রাস্তা অবরোধ করে সমাবেশ করে।
