হাম প্রতিরোধে টিকাদান কর্মসূচি ২৫ ফেব্রুয়ারি শুরু
সারাদেশে হাম প্রতিরোধ টিকাদান জাতীয় কর্মসূচি ২৫ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে। ১৬ মার্চ পর্যন্ত দেশব্যাপী এ কর্মসূচি চলবে।
তথ্য বিবরণীতে রোববার জানানো হয়, দেশের ৩ কোটি ৩৫ লাখ শিশুকে হাম রোগে মৃত্যু ও হাম রোগজনিত শারীরিক জটিলতা থেকে রক্ষা করার জন্য এ কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
নয় মাস থেকে দশ বছরের কম বয়সী সকল শিশুকে এ টিকা দেয়া হবে এবং যারা পূর্বে হামের টিকা গ্রহণ করেছে তারাও এ কর্মসূচির অন্তর্ভুক্ত হবে।
শিক্ষা প্রতিষ্ঠানসহ সারাদেশে মোট ২ লাখ ৬১ হাজার ৯৪৮টি টিকা কেন্দ্র নির্বাচন করা হয়েছে। ক্যাম্পেইনের প্রথম পর্যায়ে গতবছর সেপ্টেম্বর মাসে রাজশাহী ও বগুড়া এলাকায় এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে বলে রাজশাহী জেলা, রাজশাহী সিটি কর্পোরেশন ও বগুড়া জেলাকে কর্মসূচির বাইরে রাখা হয়েছে। বিশ্বের বৃহত্তম এ ক্যাম্পেইনের জন্য ৭৯ কোটি ১০ লাখ ৩৮ হাজার টাকা ব্যয় হবে।
কর্মসূচির প্রথম সপ্তাহে দেশের বিভিন্ন এতিমখানা, প্রাথমিক বিদ্যালয়, এবতেদায়ী মাদ্রাসাসহ যে সকল শিক্ষা প্রতিষ্ঠানে দশ বছরের কম বয়সী শিশুরা পড়াশুনা করে সে সকল প্রতিষ্ঠানে টিকা কার্যক্রম চলবে। কর্মসূচির দ্বিতীয় ও তৃতীয় সপ্তাহে অস্থায়ী ও স্থায়ী টিকাদান কেন্দ্রে অন্যান্য শিশুদের টিকা কার্যক্রম চলবে। শুক্রবার ছাড়া অন্যান্য ছুটির দিনসহ প্রতিদিন স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা বিভাগের মাঠকর্মী ও অন্যান্য বিভাগের স্বেচ্ছাসেবীরা এ কর্মসূচিতে নিরবচ্ছিনভাবে কাজ করবে।
টিকার গুণগত মান বজায় রাখার জন্য প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লে¬¬ক্স হাসপাতালের জরুরি বিদ্যুৎ ব্যবস্থা বজায় রাখতে জেনারেটরসমূহ প্রয়োজনে মেরামত অথবা পরিবার কল্যাণ কেন্দ্র থেকে সাময়িকভাবে প্রতিস্থাপন করা হয়েছে।
