২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জেএমবি নেতা মোহাম্মদের বিরুদ্ধে অস্ত্র মামলার চার্জশিট প্রদান করা হবে রোববার

নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জামাতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) সামরিক কমান্ডার চট্টগ্রামের জাভেদ ইকবাল ওরফে মোহাম্মদের বিরুদ্ধে দায়েরকৃত অস্ত্র মামলার চার্জশিট রোববার বন্দর নগরীর মেট্রোপলিটান ম্যাজিস্ট্রেট আদালতে পেশ করা হবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jan 2006, 07:50 PM

Updated : 26 Apr 2022, 03:21 PM

একই মামলায় অভিযুক্ত অপর আসামী হল জেএমবি’র কক্সবাজার জেলার অপারেশনাল কমান্ডার নাইমুজ্জামান ওরফে সোহাগ।

জঙ্গিদের বিরুদ্ধে পরিচালিত অভিযানের অংশ হিসেবে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়নের (র‌্যাব) একটি দল ২০০৫ সালের ১৩ ডিসেম্বর বন্দর নগরীর উত্তর কত্তালি এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিস্ফোরক, আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদসহ জাভেদ ইকবাল ও নাইমুজ্জামানকে গ্রেপ্তার করে।

উদ্ধারকৃত অস্ত্র, বিস্ফোরক দ্রব্য ও গোলাবারুদের মধ্যে রয়েছে সাতটি ফ্লাক্স বোমা, একটি রিভলবার, দু’টি পিস্টল, দু’টি একে--৪৭ ডামি রাইফেল, ৩২ কিলোগ্রাম ভরের দুই ধরনের বারুদ, ৩৪টি ভারতীয় ডেটোনেটর, ৬৯টি বিস্ফোরক জেল, এক কার্টুন অ্যামোনিয়াক নাইট্রেট এবং আট কিলোগ্রাম ভরের বিভিন্ন রাসায়নিক দ্রব্য।

জাভেদ ও নাইমুজ্জামানকে গ্রেপ্তারের পরপরই তদন্ত কর্মকর্তা বদরুল মামুন পাহাড়তলী থানায় আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক অ্যাক্টের আওতায় তিনটি পৃথক মামলা দায়ের করেন।

গ্রেপ্তারকৃত দু’জনের বিরুদ্ধে দায়েরকৃত অপর দু’টি আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক মামলার চার্জশিটও চূড়ান্ত করা হয়েছে এবং সরকারি কৌসুলী ইতোমধ্যে প্রমাণ মেমোতে স্বাক্ষর করেছেন।

চার্জশিট দু’টি আগামী দুই--তিনদিনের মধ্যেই আদালতে পেশ করা হবে বলে সূত্র জানিয়েছে।

চার্জশিটে জেএমবি প্রধান শায়খ আব্দুর রহমান, সিদ্দিকুল ইসলাম ওরফে বাংলা ভাই, সামরিক কমান্ডার আতাউর রহমান সানি এবং বোমাহামলাকারী রফিকসহ সংগঠনটির শীর্ষ ছয় সদস্যকে অভিযুক্ত করা হয়েছে।

এদিকে আদালতের নির্দেশের প্রেক্ষিতে র‌্যাবের চট্টগ্রাম ইউনিট উদ্ধারকৃত সকল শক্তিশালী বিস্ফোরক নিস্ক্রিয় করে ফেলেছে এবং বোমা তৈরির সকল সরঞ্জাম বঙ্গোপসাগরে নিক্ষেপ করেছে।