দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় নিহত ৮, আহত ৩০
দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় শনিবার আটজন নিহত ও ৩০ জন আহত হয়েছে। ফরিদপুর, ভোলা, সিরাজগঞ্জ, মানিকগঞ্জ ও যশোরে এসব দুর্ঘটনা ঘটে।
বিডিনিউজ ফরিদপুর প্রতিনিধি জানান, ফরিদপুর-খুলনা মহাসড়কের মধুখালী উপজেলার মাঝকান্দি নামক স্থানে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত ও ২০ জন আহত হয়।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, খুলনা থেকে ঢাকাগামী পূর্বাশা পরিবহনের একটি যাত্রীবাহী বাসের (ঢাকা মেট্রো ব--১১--০৮৪৪) সাথে বিপরীত দিক থেকে আসা ফরিদপুর থেকে মাগুরাগামী একটি লোকাল বাসের (ঢাকা মেট্রো ব--১১--০৮৪৪) মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই অজ্ঞাতনামা এক মহিলা নিহত ও কমপক্ষে ২২ জন আহত হয়।
পরে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে অজ্ঞাতনামা আরো দু’জনের মৃত্যু হয়।
আহতদের ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল ও মধূখালী থানা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
বিডিনিউজ ভোলা প্রতিনিধি জানান, ভোলা--চরফ্যাশন সড়কের রাস্তারমাথা এলাকায় শনিবার সকালে এক সড়ক দুর্ঘটনায় একজন নিহত এবং ১০ জন আহত হয়।
নিহতের নাম নিতাই চন্দ্র (৪০)। সে বোরহানউদ্দিন উপজেলার একজন পল্ল¬ী চিকিৎসক।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাস্তারমাথা এলাকায় একটি যাত্রীবাহী ভটভটি অন্য একটি যাত্রীবাহী বাসকে সাইড দিতে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি তালগাছের সাথে ধাক্কা লাগলে এ দুর্ঘটনা ঘটে।
আহতদের বোরহানউদ্দিন হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ভটভটিটি আটক করেছে।
বিডিনিউজ সিরাজগঞ্জ প্রতিনিধি জানান, সিরাজগঞ্জের উল্লাপাড়ায় শনিবার সকালে এক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত এবং পাঁচজন আহত হয়েছে।
পুলিশ জানায়, জেলার উল্লাপাড়া উপজেলার পাবনা - বগুড়া মহাসড়কের শ্রীকোলা নামক স্থানে সকাল আনুমানিক ৯ টায় ঢাকা থেকে পাবনাগামী দ্রুতগামী একটি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ভ্যান চালক শের আলী (৩৪) এবং আরোহী মাছ ব্যবসায়ী আশরাফুল ইসলাম (২৭) ঘটনা স্থলেই মারা যায়। আহত পাঁচজনকে উল্লাপাড়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত দুই জনের বাড়ি উল্লাপাড়ার গয়হাটা গ্রামে।
পুলিশ নিহতদের লাশ সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।
বিডিনিউজ মানিকগঞ্জ প্রতিনিধি জানান, মানিকগঞ্জে শনিবার সকালে ঢাকা-পাটুরিয়া সড়কের নবগ্রামে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক যুবক নিহত হয়েছে।
নিহত যুবকের নাম কালাম আজাদ (২৫)। তার বাড়ি শিবালয় উপজেলার গোয়ালখালি গ্রামে।
পুলিশ জানায়, কালাম রাস্তা পার হওয়ার সময় ঢাকাগামী একটি ট্রাক (যশোর মেট্রো চ-১৪৮৬) তাকে চাপা দিলে এ দুর্ঘটনা ঘটে।
বিডিনিউজ যশোর প্রতিনিধি জানান, যশোরে শনিবার সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছে।
নিহতের নাম ফারুক।
হাসপাতাল সূত্রে জানা যায়, শনিবার সকাল ১১টার দিকে যশোরের পুরান বাস টার্মিনাল এলাকার একটি ফিলিং স্টেশনের সামনে রাস্তা পার হওয়ার সময় রঙ মিস্ত্রি ফারুক ট্রাকের নিচে চাপা পড়লে গুরুতর অবস্থায় তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। বেলা ৩টার দিকে সে মারা যায়।
