২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেরপুরে বিপুল পরিমান বিষ্ফোরক উদ্ধার করেছে র‌্যাব, ২ জেএমবি সদস্য গ্রেফতার

দেশের চলমান জঙ্গি বিরোধী অভিযানের অংশ হিসেবে র‌্যাব সদস্যরা বগুড়া জেলার শেরপুর থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার এবং নিষিদ্ধ জামা’আতুল মুজাহেদীন বাংলাদেশ (জেএমবি)’র দুই সদস্যকে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার গ্রেফতার ও বিস্ফোরক উদ্ধার হলেও র‌্যাব শুক্রবার এ তথ্য প্রকাশ করে।

বগুড়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jan 2006, 06:46 PM

Updated : 26 Apr 2022, 03:21 PM

গ্রেফতারকৃতরা হলো - মোহাম্মদ আশরাফুল ইসলাম ওরফে আরশাদ ওরফে আব্বাস খান ওরফে আরাফাত (২২) এবং আবদুল মান্নান প্রামাণিক ওরফে মানসুর (৩০)।

উদ্ধারকৃত বিস্ফোরকের মধ্যে রয়েছে --- সাড়ে ছয় কেজি সালফার, প্রায় পাঁচ কেজি স্টিফেনাইট, এক কেজি গান পাউডার, এক কেজি বিজওয়াক্স, পাঁচ লিটার সালফিউরিক এসিড, ২০০ গ্রাম সিলিকাজেল, ৫০ গ্রাম চক পাউডার এবং বোমা তৈরীর অন্যান্য যন্ত্রপাতি।

র‌্যাব জানায়, বিস্ফোরকগুলো দিয়ে উচ্চ ক্ষমতাসম্পন্ন শক্তিশালী বোমা তৈরী করা সম্ভব এবং প্রাপ্ত যন্ত্রপাতি দিয়ে একটি বোমা তৈরীর ফ্যাক্টরী গঠন করা সম্ভব।

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব এর একটি দল ১৯ জানুয়ারি দুপুরে বগুড়া জেলার চারমাথা বাস টার্মিনাল এলাকায় অভিযান চালিয়ে জেএমবি’র শেরপুর থানা কমান্ডার আরাফাতকে গ্রেফতার করে। তার পিতার নাম মাওলানা আবদুল্লাহ খান সালাফী। তার গ্রামের বাড়ি নীলফামারী জেলার সুখধন গ্রামে।

জিজ্ঞাসাবাদে আরাফাত জানায়, সে ২০০৩ সালের মাঝামাঝি জেএমবিতে যোগ দেয় এবং একই বছরের শেষের দিকে এহসার হয়। ২০০৪ সালের শুরুতে সে শেরপুর থানার দায়িত্ব্প্রাপ্ত কমান্ডার নিযুক্ত হয়।

আরাফাত আরও জানায়, ২০০৪ সালে সে বাগমারায় বাংলা ভাইয়ের অপারেশনে সক্রিয় ভূমিকা পালন করে।

তার স্বীকারোক্তি মোতাবেক র‌্যাব সদস্যরা মানসুরকে গ্রেফতার করে। তার পিতার নাম নাজমুল হক, বাড়ি বগুড়া জেলার সোহাগীপাড়া গ্রামে।

মানসুর জেএমবির সুরা সদস্য আবদূর আওয়ালের সাথে যাত্রাবাড়ীর মোহাম্মাদীয়া আরাবীয়া মাদ্রাসায় পড়াশোনা করতো। সে ২০০০ সালে জেএমবিতে যোগদান করে এবং ২০০০ সালের মাঝামাঝি সময়ে এহসার হয়ে ময়মনসিংহ জেলার দায়িত্বপ্রাপ্ত কমান্ডার হয়। এরপর ২০০১ সালে চট্টগ্রাম জেলার দায়িত্বপ্রাপ্ত কমান্ডার নিযুক্ত হয়ে খুলসী এলাকায় অবস্থান করে কার্যক্রম পরিচালনা করে। পরবর্তীতে ২০০৩ সালে নিজ এলাকায় আসে এবং জেএমবির কার্যক্রম পরিচালনা করতে থাকে।

মানসুরের স্বীকারোক্তি মোতাবেক র‌্যাব দলটি একই দিন সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে বগুড়া জেলার শেরপুর থানার উত্তর শাহপাড়া এলাকায় অভিযান চালিয়ে মাটি খনন করে মাটির নীচে লুকিয়ে রাখা একটি বড় ড্রামের ভেতর থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার করে।