২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাঙ্গামাটির বাঘাইছড়ি থেকে অস্ত্র ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার

রাঙ্গামাটির বাঘাইছড়ির উত্তর ভূইঁয়া ছড়ি  এলাকা থেকে শুক্রবার ভোরে বিডিআরের সদস্যরা অস্ত্র ও বিপুল পরিমাণ বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে।

রাঙ্গামাটি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jan 2006, 04:09 PM

Updated : 26 Apr 2022, 03:21 PM

বিডিআর সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সকাল ৭টার দিকে বিডিআরের মারিশ্যা জোনের জোন কমান্ডার লেঃ কর্নেল আজিজের নেৃতৃত্বে বিডিআর সদস্যরা বাঘাইছড়ি উপজেলার উত্তর ভূইঁয়া ছড়ি এলাকার গহীন অরণ্যে অভিযান চালায়। এসময় বিডিআর সদস্যরা পুরো এলাকা ঘিরে ফেলে।

সন্ত্রাসীরা বিডিআরের উপস্থিতি টের পেয়ে আস্তানা ছেড়ে পালিয়ে গেলেও অস্ত্র ও বোমা তৈরির সরঞ্জামাদি রেখে যায়। বিডিআরের সদস্যরা সন্ত্রাসীদের অস্তানা থেকে চারটি দেশি বন্দুক, দুটি ডেটোনেটর, দুটি ফিউজ, একটি ১১০ গ্রাম ওজনের বিস্ফোরকের পাওয়ার জেল,  একটি ৫০ গ্রাম ওজনের বিস্ফোরকের পাওয়ার জেল, ১০ রাউন্ড কার্তুজের গুলি ও দুটি জলপাই রঙের সামরিক পোশাক উদ্ধার করে।

অভিযানকালে বিডিআর সদস্যরা সন্ত্রাসীদের অস্তানাটি গুড়িয়ে দেয়।

উদ্ধারকৃত অস্ত্র ও বিস্ফোরক সরঞ্জামগুলো বাঘাইছড়ি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।