২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম বিমান বন্দরে আর্ন্তজাতিক রুটের দেড় শতাধিক যাত্রী আটকা পড়েছে, বিমানবন্দরে বিক্ষোভ

চট্রগ্রাম শাহ আমানত আর্ন্তজাতিক বিমান বন্দরে মধ্যপ্রাচ্যগামী দেড়শতাধিক যাত্রী আটকা পড়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jan 2006, 09:42 PM

Updated : 26 Apr 2022, 03:21 PM

২৪ ঘন্টার বেশি সময় বিমান বন্দরে অপেক্ষার পরও বিমানের শিডিউল না পাওয়ায় বিক্ষুব্ধ যাত্রীরা বৃহস্পতিবার বিমান বন্দরের ভেতরে বিক্ষোভ ও সমাবেশ করে।

মাস্কাটগামী এই ১৫৩ জন যাত্রী বুধবার বেলা ১১টা থেকে বিমান বন্দরের বোর্ডিং লাউঞ্জে বিমানের শিডিউলের জন্য অপেক্ষা করছেন। কিন্তু জাতীয় পতাকাবাহী বাংলাদেশ বিমান কর্তৃপক্ষ এর মধ্যে তিনবার শিডিউল পরিবর্তন করেও তাদের ফ্লাইটের ব্যবস্থা করতে ব্যর্থ হওয়ায় যাত্রীরা বিক্ষুব্ধ হয়ে ওঠে।

মাস্কাটগামী বিজি--০২১ ফ্লাইটটি নির্দিষ্ট সময়ে যাত্রা করতে ব্যর্থ হওয়ায় এর শিডিউল নির্ধারন করা হয় বৃহস্পতিবার সকাল পৌনে ১০টায়। এবং পরে তা আবার বেলা ১১টায় পরিবর্তন করা হলেও সর্বশেষ শিডিউল নির্ধারণ করা হয়েছে শুক্রবার সকাল ১১টায়।

দীর্ঘ বিলম্ব ও বার বার শিডিউল পরিবর্তনের কারণে বিক্ষুব্ধ যাত্রীরা বৃহস্পতিবার বিমান বন্দরের ভেতরে কয়েক দফায় বিমান কর্মকর্তাদের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করে।

এ পরিস্থিতিতে যে কোনো অনাকাক্সিক্ষত ঘটনা এড়াতে বিমান বন্দরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

দুবাইগামী অপর একটি ফ্লাইটের শিডিউল অনুযায়ী বৃহস্পতিবার রাত পৌনে ১০টায় ওড়ার কথা থাকলেও উড়োজাহাজ সংকটের কারণে শিডিউল পরিবর্তন করে যাত্রার সময় নির্ধারণ করা হয়েছে শুক্রবার সকাল পৌনে ৭টায়।

এই ফ্লাইটটির দুই শতাধিক যাত্রীও একই ভাগ্য বরণ করতে যাচ্ছে বলে আশংকা করা হচ্ছে।