২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২৬-২৮ জানুয়ারি ক্রিস্টিনা রোকা ঢাকা সফর করতে পারেন

মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ এশিয়া বিষয়ক সহকারী মন্ত্রী ক্রিস্টিনা রোকা তিনদিনের সফরে ২৬ জানুয়ারি ঢাকায় আসতে পারেন। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিশ্বস্ত একটি সূত্র বৃহস্পতিবার এ তথ্য জানায়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jan 2006, 08:53 PM

Updated : 26 Apr 2022, 03:21 PM

প্রেসিডেন্ট জর্জ ওয়াকার বুশ দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচিত হবার পর ক্রিস্টিনা রোকা এ নিয়ে দ্বিতীয়বার বাংলাদেশ সফর করবেন।

এর আগে ২০০৫ সালের মে মাসে রোকা বাংলাদেশ সফরে এসেছিলেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রটি জানায়, তার সফরের এজেন্ডা সম্পকে বিস্তারিত কিছু জানা যায়নি। তবে বাংলাদেশ সরকারের জঙ্গি বিরোধী অভিযানে সফলতার প্রশংসা সংবলিত বুশ প্রশাসনের পক্ষ থেকে দেয়া একটি চিঠি তিনি আনতে পারেন।

তবে রোকার সফরকালে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে সন্ত্রাসবাদ প্রতিহতকরণ, পরবর্তী সাধারণ নির্বাচন ও দুর্নীতির মত গুরুত্বপূর্ন ইস্যু নিয়ে আলোচনা হতে পারে বলে সূত্রটি জানিয়েছে।

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এম মোরশেদ খান ও স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের সাথে বৈঠক ছাড়াও সফরকালে রোকা প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সাথে সাক্ষাৎ করবেন বলে জানা গেছে।

সূত্রটি জানায়, বরাবরের মত এবারও রোকা সংসদে প্রধান বিরোধী দলের নেতা ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সাথে সাক্ষাৎ করতে পারেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র জানিয়েছে, সন্ত্রাসবাদ ও মৌলবাদ মোকাবিলায় সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপ নিয়ে রোকা আলোচনা করতে পারেন।