মহাখালী বাস টার্মিনালে ১৭ আগস্টের বোমা হামলা মামলায় সানি ১০ দিনের রিমান্ডে, পৃথক মামলায় ৮ ফেব্র“য়ারি থেকে বিচার শুরু
জেএমবির অপারেশনাল কমান্ডার আতাউর রহমান সানির বিরুদ্ধে তেজগাঁও থানায় দায়েরকৃত মহাখালী বাস টার্মিনালের কাছে ১৭ আগস্টের বোমা হামলার মামলায় বৃহস্পতিবার তাকে ১০ দিনের রিমান্ডে নেয়া হয়েছে।
এ মামলায় জিজ্ঞাসাবাদের জন্যে র্যাব তাকে ঢাকার সিএমএম আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন জানালে ম্যাজিস্ট্রেট শফিক আনোয়ার তা মঞ্জুর করেন।
এর আগে ২৯ ডিসেম্বর তার বিরুদ্ধে ১৭টি মামলায় মোট ১১৯ দিন রিমান্ডের আদেশ দেওয়া হয়।
এদিকে ১৭ আগস্ট বিমান বন্দর এলাকায় বোমা হামলার অভিযোগে বিস্ফোরক দ্রব্য আইনে জেএমবি সদস্য রেজাউল হক রেজার বিরুদ্ধে ঢাকার প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে বৃহস্পতিবার চার্জ গঠন করা হয়েছে।
এছাড়া ৮ ফেব্র“য়ারি আতাউর রহমান সানি, শায়খ আবদুর রহমানের ছেলে নাবিল বিন রহমান এবং গাজীপুরে দু’দফা বোমা হামলার নেতৃত্বদানকারী এনায়েতউল্লাহ জুয়েলসহ ১৭ জনের বিরুদ্ধে দায়েরকৃত পৃথক মামলার বিচার কাজ শুরুর তারিখ ধার্য করেছেন একই আদালত।
