বালিয়াকান্দিতে ভূমিহীনদের উপর হামলা ॥ আহত ৩৪
রাজবাড়ি জেলার বালিয়াকান্দি উপজেলার বিলপুকুরিয়ার তিনটি গ্রামে বৃহস্পতিবার ভূসিগ্রাসী ও ভূমিহীনদের মধ্যে অবৈধ জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষে ৩৪ জন ভূমিহীন আহত হয়েছে।
এলাকাবাসী জানায়, নবাবপুর ইউনিয়নের বিলপাকুরিয়া মৌজার বনগ্রাম, বিলপাকুরিয়া এবং ঘোড়ামারা গ্রামের ১৭৫টি ভূমিহীন পরিবার প্রায় ৯৩ একর জমি সরকার থেকে জমি বন্দেবস্ত নিয়ে এক মাস আগে পিঁয়াজ বপন করে। বৃহস্পতিবার সকালে স্থানীয় জোতদার আমিন জোয়াদ্দার, গিয়াস জোয়াদ্দার, মোকারম জোয়াদ্দার এবং সুলতান মন্ডলের নেতৃত্বে একদল লাঠিয়াল বাহিনী ঢাক, শরকী, বল্লম, লাঠি নিয়ে ওই চাষাবাদকৃত জমি দখল নেওয়ার উদ্দেশ্যে ঘটনাস্থলে গিয়ে রোপন করা পিঁয়াজ তুলে ফেলার চেষ্টা চালায়। এসময় পার্শ্ববর্তী জমিতে কর্মরত অবস্থায় ভূমিহীনরা তাদের বাধা দিলে তারা ভূমিহীনদের ওপর হামলা চালায়। হামলায় ভূমিহীন সফিকুল (২৪), ওয়াজেদ মন্ডল (৩৫), তোজাম মন্ডল (৩৬), বাচ্চু মন্ডল (২৫), জাহাঙ্গীর মন্ডল (৩০), রেজাউল (২৫), আয়ুব মন্ডল (৩৫), শহিদ মন্ডল (৩০), মফিজুল (২৮), ইউসুব মন্ডল (৫০), রশিদ (৩০), আউয়াল (১৮), শফিকুল শেখ (২৫), মোস্তফা (৩০), আছির উদ্দিন (৩০), মোজাহার (৫০), সুলতান মন্ডল (৩৫), ফিরোজ (২৫), আজাদ (২৫), কেতাবউদ্দিন (৩০) গুরুতর আহত হয়। আহতদের বালিয়াকান্দি হাসপাতালে ভর্তি করা হয়। বালিয়াকান্দি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ভূমিহীন নেতা শাহজাহান এবং রাশেদা বেগম জানায়, সরকার থেকে নিয়মানুয়ায়ী বন্দোবস্তকৃত এই জমি দখলের জন্য দীর্ঘ দিন ধরে জোতদাররা তাদেরকে প্রাণনাশের হুমকি দিয়ে আসছিল।
এ রিপোর্ট লেখা পর্যন্ত ভূমিহীনদের পক্ষ থেকে বালিয়াকন্দি থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছিল। পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি।
