জঙ্গি হামলা কমলেও জাতীয় নির্বাচনের আগে ঢাকায় সহিংসতা বাড়তে পারে: নাজমুল হুদা
যোগাযোগমন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদা মঙ্গলবার বলেন, দেশে জঙ্গি হামলা এবং বোমাবাজি কমলেও জাতীয় নির্বাচনের সময় ঘনিয়ে আসার সাথে সাথে রাজনৈতিক সহিংসতা বৃদ্ধির আশংকা রয়েছে।
তিনি বলেন, ঢাকা জেলার সব সংসদ সদস্যই বিএনপি থেকে নির্বাচিত হওয়ায় একটি মহল এ জেলার শান্তি-শৃঙ্খলা নষ্ট করার ষড়যন্ত্র করছে। তারা ঢাকাকে টার্গেট করে একটা কিছু করার চেষ্টা করবে।
এসব নাশকতা প্রতিরোধে তিনি ঢাকা জেলার পুলিশ সদস্যদের সতর্ক থাকার নির্দেশ দেন।
মঙ্গলবার যোগাযোগ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ঢাকা জেলার সন্ত্রাস দমন ও আইন শৃঙ্খলা কমিটির বৈঠকে উপস্থিত সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের তিনি এ নির্দেশনা দেন।
নাজমুল হুদা বলেন, ঢাকা জেলায় কারা নাশকতা করে এবং এসব কাজে অর্থ সরবরাহ করছে তা খতিয়ে দেখতে হবে। প্রত্যেক থানায় নজরদারি বাড়াতে হবে। কেউ আইন ভাঙ্গলে কঠোরভাবে মোকাবেলা করে আইনগত ব্যবস্থা নিতে হবে।
মন্ত্রী তার নির্বাচনী এলাকা দোহার থানায় গত ১৫ আগস্ট পুলিশ ও আওয়ামী লীগ কর্মীদের মধ্যে সংঘর্ষের পর পুলিশের দায়ের করা মামলা সম্পর্কেও খোঁজখবর নেন।
দোহার থানার ওসি সাইফুল ইসলাম বলেন, ১৫ আগস্ট পুলিশ এর ওপর হামলা করায় ৪২ জনের বিরুদ্ধে চার্জশিট দেওয়া হয়েছে।
নিজের নির্বাচনী এলাকার আইন-শৃঙ্খলা প্রসঙ্গে মন্ত্রী বলেন, তার এলাকায় আইন--শৃঙ্খলা পরিস্থিতি ভালো থাকার কারণে দোহার থানায় মামলার সংখ্যা কমে গেছে।
মন্ত্রী বলেন, মামলা না হওয়ায় ঢাকা থেকে আওয়ামী লীগ নেত্রী মতিয়া চৌধুরী এবং আসাদুজ্জামান নুর সেখানে গিয়ে মামলা করতে যান।
নাজমুল হুদা বলেন, বিভিন্ন জেলার অপরাধীরা অপরাধ করে আমাদের জেলায় আশ্রয় নেয়। তাদের চিহ্নিত করে ধরতে হবে।
তিনি বলেন, প্রয়োজনে যার যার সীমানা এলাকায় নজরদারি জোরদার করতে হবে।
রাজধানীর বাইরে থেকে যাতে কোন সন্ত্রাসী ঢাকা জেলায় প্রবেশ করতে না পারে সেজন্যে দায়িত্বরত পুলিশ সদস্যদের তিনি নির্দেশ দেন।
সভায় হাইওয়েতে সড়ক দুর্ঘটনা, নগরীতে যানজট এবং চাঁদাবাজি প্রসঙ্গেও বিস্তারিত আলোচনা হয়।
ঢাকার যানজট প্রসঙ্গে মন্ত্রী বলেন, রাজধানীর ভেতরে এবং আশপাশের জেলায় পুরনো দুমড়ানো মুচড়ানো শত শত মিনিবাস রং লাগিয়ে চলাচল করছে। এর ফলে যানজট বাড়ছে, পরিবেশ ও শব্দ দূষন হচ্ছে। সরকারের কাছে তথ্য রয়েছে, এসব মিনিবাসের অনেকগুলোর মালিকই পুলিশের অনেক কর্মকর্তা। ফলে ত্র“টিপূর্ণ এসব গাড়ি আটকানো বা যানজট নিয়ন্ত্রণে পুলিশকে অনেক সময় আন্তরিক হতে দেখা যায় না।
মন্ত্রী বলেন, কোন সভ্য দেশে এমন পুরনো ত্র“টিপূর্ণ বাস চলাচল করতে পারে না।
হুদা বলেন, এসব দৃষ্টিকটু, ত্র“টিপূর্ণ বাস নিষিদ্ধ করার পরিকল্পনা তার মন্ত্রণালয়ের রয়েছে।
তিনি ঢাকা জেলার পুলিশ সদস্যদের সহযোগিতা কামনা করে বলেন, তারা যদি এসব বাস নিষিদ্ধ করার ব্যাপারে সরকারকে পূর্ণাঙ্গ সহযোগিতা করে তাহলে সরকার এসব মিনিবাস নিষিদ্ধ করবে।
সভায় নবগঠিত আশুলিয়া, উত্তর ও দক্ষিণ কেরানীগঞ্জ, দোহার, সাভার এবং ঢাকা জেলার অন্যান্য থানার কর্মকর্তারা তাদের বিভিন্ন টেকনিক্যাল সমস্যা সম্পর্কে মন্ত্রীকে অবহিত করেন।
তারা বলেন থানা উদ্বোধন হলেও এখন পর্যন্ত কোন থানাতেই নতুন গাড়ি দেওয়া হয়নি, তারা পুরোনো গাড়ি ব্যবহার করছেন।
তারা বলেন, অনেক সময় ভিআইপিদের ডিউটি করার সময় রাস্তার মধ্যেই গাড়ি নষ্ট হয়ে যায়। ফলে বাধ্য হয়ে ভিআইপিরা নিজ দায়িত্বে চলাচল করেন।
সভায় ঢাকা জেলার উর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা ছাড়াও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
