২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নবীনগরে আহমদিয়া সম্প্রদায়ের এক বৃদ্ধার লাশ গ্রামের কবরস্থানে দাফন করতে দেয়া হয়নি

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে গ্রামবাসীর বাঁধার মুখে আহমদিয়া সম্প্রদায়ের এক বৃদ্ধার মৃত্যুর ২৮ ঘন্টা পর তার লাশ দাফন করতে পেরেছে স্বজনেরা। তবে গ্রামের কবরস্থানে তাকে কবর দেয়া সম্ভব হয়নি।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jan 2006, 06:37 PM

Updated : 26 Apr 2022, 03:21 PM

মুসলিম সম্প্রদায়ের একদল  গ্রামবাসী বাধ সাধলে অবশেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) উপস্থিতিতে মৃতের বাড়ির ডোবার কাছে এক টুকরো খাস জমিতে তাকে কবরস্থ করা হয়।

বুধবার দুপুরে নবীনগর উপজেলা সদর থেকে ২২ কিলোমিটার দক্ষিণ পূর্ব দিকে শাহবাজপুর সরেজমিনে গিয়ে জানা যায়, আহমদিয়া সম্প্রদায়ভূক্ত মৃত মন্তাজ মিয়ার স্ত্রী মজলিশেরনেসা (৭০) বার্ধ্যক্যজনিত কারণে মঙ্গলবার বেলা ১১টার দিকে মারা যায়। লাশ দাফনের জন্য স্বজনেরা শাহবাজপুর কবরস্থানে কবর খুঁড়তে গেলে স্থানীয় মুসলিম সম্প্রদায়ের লোকজন “কাফেরের লাশ’ আখ্যা দিয়ে কবর খুঁড়তে বাঁধা দেয়।

একপর্যায়ে মুসলিম সম্প্রদায়ের শতাধিক লোক জড়ো হয়ে আহমদিয়াদের বিরুদ্ধে উষ্ক‹ানিমূলক শ্লোগান দিতে থাকলে তারা বিষয়টি নবীনগর থানাকে অবহিত করে। তাৎক্ষণিকভাবে থানা থেকে একজন দারোগার নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পাঠালে মুসলিম সম্প্রদায়ের লোকজনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এরপর পুলিশের উপস্থিতিতে মুসলিম সম্প্রদায়ের লোকজন সারারাত কবরস্থান পাহাড়ার ব্যবস্থা করলে পরিস্থিতি আরো জটিল হয়ে উঠে। এই পরিস্থিতিতে নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুস সাত্তার আরও একদল পুলিশ নিয়ে ঘটনাস্থলে গিয়ে সমঝোতার চেষ্টা করেন। পরে দীর্ঘ পাঁচ ঘন্টা চেষ্টার পর বুধবার দুপুর ২টায় একখন্ড খাস জমিতে নিহতের লাশ দাফনের ব্যবস্থা করা হয়।

এ ব্যাপারে শাহবাজপুর আহমদিয়া মুসলিম জামাতের প্রেসিডেন্ট আবু নাসের বলেন, “আমরা এখানে সংখ্যালঘু, আমাদের কিছু করার নেই। প্রশাসন যে সিদ্ধান্ত দিয়েছে আমাদের তাই মেনে নিতে হবে”।

মৃত বৃদ্ধার ছেলে শ্যামা মিয়া ও জামাল মিয়া জানান, আমাদের পিতা সহ পূর্ব পুরুসদের সকলকেই এই কবর স্থানে দাফন করেছি। অথচ এবার আমাদের ‘কাফের’ ফতোয়া দিয়ে মায়ের লাশ দাফন করতে বাধা দেয়া হয়েছে।

শাহবাজপুর কবরস্থান কমিটির চেয়ারম্যান আবদুর রাজ্জাক ও গ্রামের সর্দার ও স্থানীয় ইউনিয়ন বিএনপি’র সহ-সভাপতি ইমাম হাসান বাতেন বলেন, “ওদের (আহমদিয়া) পূর্ব পুরুষরা যখন মুসলমান ছিল তখন তাদের লাশ এখানে দাফন হয়েছে। এখন তারা কাফের সুতারাং মুসলমানদের কবরস্থানে তাদের জায়গা নেই”। 

এদিকে আহমদিয়া মুসলিম জামাতের মিশনারি ইন চার্জ আব্দুল আওয়াল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন।