ঢাকা মহানগর জজ আদালতের সহকারি পাবলিক প্রসিকিউটরকে অব্যাহতি
জনস্বার্থ বিরোধী কর্মকাণ্ডের জন্যে ঢাকা মহানগর জজ আদালতের সহকারি পাবলিক প্রসিকিউটরকে অব্যাহতি দেওয়া হয়েছে।
গত রোববার আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সলিসিটর উইং- এর উপসলিসিটর সৈয়দ এনায়েত হোসেন সাক্ষরিত স্মারকপত্রে এপিপি মোহাম্মদ এমদাদুল হক লালকে এই অব্যাহতি প্রদানের আদেশ দেওয়া হয়।
একটি বিশেষ সূত্রে জানা গেছে, গত ৪ আনুয়ারি এমদাদুল হক লাল সহকারি কৌসুলী হওয়া সত্ত্বেও নিষিদ্ধঘোষিত হরকাতুল জেহাদ প্রধান মুফতি আব্দুল হান্নানের রিমান্ড বাতিল করে ঢাকার সিএমএম আদালতে জামিন চেয়েছিলেন।
একজন সরকারি কৌসুলীকে রাষ্ট্রপক্ষের কৌসুলী হিসেবে আইনত গণ্য করা হয়। আর সে কারণে মুফতি হান্নানের পক্ষে রাষ্ট্রপক্ষের কোনো আইনজীবী মামলার তদন্ত পর্যায়ে মামলা পরিচালনা করতে পারেন না।
বিচারের পর্যায়ে সুষ্ঠু বিচারের স্বার্থে যে আসামীর আইনজীবী নেই সরকার তার জন্যে আইনজীবী নিয়োগ করতে পারেন। আর সেক্ষেত্রে সেই আইনজীবী হন পাবিলিক প্রসিকিউটর পর্যায়ের কোনো সিনিয়র আইনজীবী।
