২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১৭ আগস্টের বোমা হামলা মামলা: বগুড়ায় বাংলা ভাই, শায়খ রহমানসহ ৬ আসামির বিরুদ্ধে চার্জ গঠনের শুনানি হয়নি

গত ১৭ আগস্ট বগুড়ায় বোমা হামলার ঘটনায় জেএমবি প্রধান শায়খ আবদুর রহমান, অপারেশন কমান্ডার বাংলা ভাইসহ ৬ আসামির বিরুদ্ধে দায়ের করা মামলার অভিযোগ গঠন বিষয়ে সোমবার চতুর্থ স্পেশাল ট্রাইব্যুনালে শুনানি অনুষ্ঠিত হয়নি।

বগুড়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jan 2006, 06:20 PM

Updated : 26 Apr 2022, 03:21 PM

বিচারক কে.জি. মোস্তফা ২২ জানুয়ারি শুনানির তারিখ ধার্য করেছেন।

শায়খ আবদুর রহমান (৪৪), বাংলা ভাই (৩৫), জঙ্গী নেতা ওয়ালিউল্লাহ (২২), ইউসুফ (২৫), মামুন-অর-রশিদ (২৮), ও আবদুর রাজ্জাকের (২৫) বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনে ও নাশতকামূলক কাজের জন্য বিশেষ ক্ষমতা আইনে অভিযোগ গঠন করা হয়।

এদের মধ্যে আবদুর রাজ্জাক আটক রয়েছে এবং সে ১৭ আগস্টের ঘটনায় জড়িত থাকার বিষয়ে ম্যাজিস্ট্রেটের কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। চার্জশিটে বলা হয়, শায়খ রহমান ও বাংলা ভাইয়ের নির্দেশে আসামিরা ওইদিন বগুড়ার আদালতসহ বিভিন্ন স্থানে বোমা বিস্ফোরণ ঘটায়। এতে দু’ব্যক্তি আহত ও শহরে ব্যাপক আতঙ্ক দেখা দেয়। আদালতের একটি সূত্র জানায়, আসামি আবদুর রাজ্জাক তার পরিবারের সাথে আলাপ করে আইনজীবী নিয়োগ করবে। এছাড়া পলাতক ৫ আসামির বিরুদ্ধে স্টেট ডিফেন্স নিয়োগের চিন্তা-ভাবনা করা হচ্ছে। সরকার পক্ষে পিপি একেএম সাইফুল ইসলাম আদালতে উপস্থিত ছিলেন।