২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া-কাজীর হাট ফেরি চলাচল বন্ধ, রাজধানীমুখী যাত্রীদের দুর্ভোগ

ঘন কুয়াশার কারণে রোববার রাত থেকে সোমবার সকাল ১০টা পর্যন্ত দৌলতদিয়া-পাটুরিয়া ও কাজীর হাট-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ থাকায় ঈদের ছুটি শেষে রাজধানীমুখী যাত্রীরা দু’টি ঘাটে আটকে থেকে সীমাহীন দুর্ভোগের মুখোমুখি হয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jan 2006, 05:19 PM

Updated : 26 Apr 2022, 03:21 PM

ঘন কুয়াশার কারণে নৌ কর্তৃপক্ষ নৌ চলাচল বন্ধ রাখতে বাধ্য হয়। এতে দৌলতদিয়া-পাটুরিয়া ও কাজীর হাট-পাটুরিয়ার সবক’টি ঘাটে প্রায় এক হাজার পণ্যবাহী ট্রাক, বাস আটকে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, শীতের রাতে পারাপারের জন্যে অপেক্ষমান যাত্রীরা সারারাত ধরে নির্ঘুম রাত কাটাতে বাধ্য হন।

এ ব্যাপারে বাংলাদেশ অভ্যন্তরীন নৌ চলাচল কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিসি) একজন কর্মকর্তা জানান, সন্ধ্যার পর থেকে রাত যতই গভীর হতে থাকে কুয়াশাও ঘন হয়ে আসে। এর ফলে খুব কাছেও কোনো কিছু দেখা যায় না। যার ফলে বাধ্য হয়েই নৌ চলাচল বন্ধ রাখতে হচ্ছে।

বিআইডব্লিউটিসি’র আরিচা অফিস সূত্র জানায়, পদ্মা-যমুনায ঘন কুয়াশার কারণে ওই তিনটি ঘাটে রোববার রাত ১২টা থেকে সোমবার সকাল ১০টা পর্যন্ত প্রায় ১০ ঘন্টা ফেরি চলাচল বন্ধ থাকে। এ সময় যানবাহন ও যাত্রী নিয়ে মাঝনদীতে রো রো ফেরি ভাষা শহীদ বরকত, বীরশ্রেষ্ঠ মতিউর রহমান, খানজাহান আলী, এনায়েতপুরা, ডাম্বফেরি কামিনী আটকা পড়ে।

পাটুরিয়া ঘাটে শাহ আলী, শাহ্জালাল, শাহ মখ্দুম এবং দৌলতদিয়া ঘাটে বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর নামের ফেরিটি আটকা পড়ে থাকে।

যান চলাচল বন্ধ থাকায় তিনটি ঘাটেই বড় ধরনের যানজটের সৃষ্টি হয়।

অবশেষে সোমবার সকাল ১০টার পর কুয়াশা কেটে গেলে ফেরি ও লঞ্চ চলাচল স্বাভাবিক হয়।