অর্থনৈতিক সংকট এবং নির্ধারিত মূল্যের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে কুষ্টিয়ার মোকাম
দেশের অন্যতম বৃহত্তম চামড়ার মোকাম কুষ্টিয়ার ব্যবসায়ীরা এবার অর্থাভাবে এবং মূল্য বেঁধে দেয়ার কারণে লক্ষ্যমাত্রার ২৫ ভাগ চামড়াও কিনতে পারেনি।
চামড়া রফতানীকারক ও ট্যানারী মালিকরা কোরবানীর ঈদকে সামনে রেখে ব্যাংক থেকে অগ্রীম ঋণ পেলেও কুষ্টিয়ার মোকামে এর প্রভাব পড়েনি। ট্যানারী মালিকরা সারাবছর চামড়া ক্রয়ের বকেয়া টাকা কোরবানী ঈদের আগে মফস্বলে ব্যবসায়ীদের পরিশোধ করে এবং তাদের অধিক চামড়া কেনার জন্য অগ্রিম টাকাও দিয়ে থাকে। কিন্তু এবার ট্যানারী মালিকরা চামড়া ক্রয়ের জন্য অগ্রীম টাকা প্রদান করেনি এবং বকেয়া টাকাও পরিশোধ করেনি।
এাড়াও আন্তর্জাতিক বাজারের সাথে সামঞ্জস্য রেখে বেধে দেয়া মূল্য অনুযায়ী এবার চামড়া কিনতে হিমসিম খেয়েছে ব্যবসায়ীরা। যার ফলে আশানুরূপ চামড়া সংগ্রহ না হওয়ায় মারাত্মক সংকটের সম্মুখিন হয়েছে এখানকার চামড়া শিল্প। একইসাথে কুষ্টিয়াসহ দেশের উত্তর ও দক্ষিণাঞ্চলের সীমান্তবর্তী জেলাগুলো থেকে এবার কোটি কোটি টাকার কোরবানীর চামড়া চোরাচালান হয়ে যাওয়ায় এ আশংকা দেখা দিয়েছে।
ব্লাক বেঙ্গল গোট স্কীন সরবরাহের জন্য কুষ্টিয়ার চামড়া মোকাম বিশ্ববিখ্যাত। এছাড়া উন্নত গরুর চামড়া সরবরাহেও কুষ্টিয়া অদ্বিতীয়।
প্রতি বছর এ সময় কুষ্টিয়ার চামড়ার মোকাম ৫০ কোটি টাকার চামড়া রাজধানীসহ দেশের বিভিন্ন ট্যানারী ও রপ্তানীকারক প্রতিষ্ঠানে সরবরাহ করে থাকে। সবমিলে বছরে এখান থেকে প্রায় ১শ কোটি টাকার চামড়া সরবরাহ করা হয়। এখানকার মোকামে নাটোর, রাজশাহী, যশোর, রাজবাড়ী ও ফরিদপুর চামড়া বাজার থেকে চামড়ার সমাগম ঘটে।
এ বছরও কোরবানী ঈদে প্রায় ৫০ কোটি টাকার চামড়া ক্রয়ের লক্ষ্যমাত্রা নিয়ে মাঠে নেমে গত কয়েকদিনে চামড়া ক্রয়ে লক্ষমাত্রার ২৫ ভাগও ক্রয় করতে পারেনি বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। ফলে তারা হতাশায় ভুগছেন।
অপরদিকে ব্যবসায়ীরা অভিযোগ করে বলেছেন, দেশের বিভিন্ন ট্যানারী এবং রপ্তানী কারক প্রতিষ্ঠান তাদের বকেয়া টাকা পরিশোধ না করা এবং ঋণের সুবিধা না থাকার কারণে এখানকার চামড়া ব্যবসায় এবার ধস নেমেছে।
এসব কারণে কুষ্টিয়া চামড়া ব্যবসায়ী সমিতির উপদেষ্টা মতিউর রহমান বলেন, রপ্তানী কারক প্রতিষ্ঠানে ব্যবসায়ীরা বাকিতে চামড়া বিক্রি করলেও ব্যাপারী এবং ফড়িয়াদের কাছ থেকে তো বাকিতে চামড়া কেনা সম্ভব নয়।
তিনি জানান, প্রতি বছর সরকার চামড়া খাতে প্রচুর অর্থ বরাদ্ধ দিয়ে থাকে কিন্তু এ সুযোগ থেকে বঞ্চিত হয় মফস্বলের ব্যবসায়ীরা। এ রকম বৈষম্য নীতির কারণে ব্যবসায় মন্দাভাব চলছে চামড়ার মোকামে।
