২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝালকাঠিতে ২ বিচারক হত্যা মামলা : বিচারক-আইনজীবী’র পরস্পরের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ

ঝালকাঠিতে দুই বিচারক হত্যার ঘটনায় বিস্ফোরক দ্রব্য আইনে দায়েরকৃত মামলার চার্জ গঠনের জন্য দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক কর্তৃক প্রেরিত চিঠির জবাব রোববার পর্যন্ত পুলিশের আইজিপি আদালতে পাঠাননি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঝালকাঠি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jan 2006, 11:06 AM

Updated : 26 Apr 2022, 03:21 PM

এর ফলে আদালত ওই মামলার চার্জ গঠনের তারিখ দ্বিতীয় দফায় পরিবর্তন করায় চার্জ গঠন অনিশ্চিত হয়ে পড়েছে।

এদিকে আইজিপি কর্তৃক চিঠির জবাব না দেয়ায় বিচারক এবং আইনজীবীরা পরস্পরের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ করেছেন।

গত ১৪ নভেম্বর ঝালকাঠিতে বোমা হামলায় দুই বিচারক হত্যার ঘটনায় বিস্ফোরক দ্রব্য আইনে মামলার চার্জ গঠনের জন্য আসামি আউয়াল এবং সানিকে ঢাকা থেকে বরিশালে পাঠানোর জন্য বরিশাল দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক আব্দুল মতিন লিখিতভাবে ৪ জানুয়ারি ঢাকা কেন্দ্রীয় কারাগারের সহকারি সুপারকে অবহিত করেন।

এ প্রেক্ষিতে সহকারি জেল সুপার লিখিতভাবে আদালতের বিচারককে জানান, আসামি সানি এবং আউয়াল তাদের হেফাজতে নেই। তারা পুলিশি রিমান্ডে রয়েছে।

এরপর গত ৮ জানুয়ারি আসামিদ্বয়কে বরিশালে পাঠানোর জন্য আদালতের বিচারক লিখিতভাবে পুলিশের আইজিপিকে অবহিত করেন। কিন্তু পুলিশের আইজিপি আসামিদের ব্যাপারে রোববার পর্যন্ত লিখিতভাবে বরিশাল দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারককে অবহিত না করায় এ নিয়ে আইনজীবীরা মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।

এ ব্যাপারে দ্রুত বিচার ট্রাইব্যুনালের স্পেশাল পিপি এ্যাডভোকেট মুজিবর রহমান নান্টু বিডিনিউজকে জানান, আদালত কর্তৃক প্রেরিত চিঠির জবাব না দিয়ে আইজিপি আদালত অবমাননার শামিল কাজ করেছে।

অপরদিকে চিঠির জবাব না আসা আদালত অবমাননার শামিল না বলে মন্তব্য করেছেন দ্রুব বিচার ট্রাইব্যুনালের বিচারক।

বিচারক আব্দুল মতিন এ ব্যাপারে রোববার বিকালে টেলিফোনে বিডিনিউজকে জানান, ঈদুল আজহা’র ছুটির কারণে হয়তো আইজিপি আদালতের চিঠি পাননি।

তিনি বলেন, আইজিপি চিঠির জবাব দিতে দেরি করায় আদালত রোববার দ্বিতীয়বার সহকারি জেলসুপারকে আরেকটি চিঠি প্রেরণ করে।

আদালত কর্তৃক এ ব্যাপারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি পাঠানোর জন্য স্পেশাল পিপি মুজিবর রহমান নান্টু আদালতের বিচারককে অনুরোধে জানালে তিনি তা প্রত্যাখ্যান করেন।

এদিকে আদালতের একটি সূত্র জানায়, দাখিলকৃত চার্জশীট ত্র“টিপূর্ণ থাকায় পুনরায় সম্পূরক চার্জশীট আদালতে দাখিল হচ্ছে। তাই কৌশলে এ মামলার চার্জ গঠনের তারিখ পরিবর্তিত হচ্ছে।

বরিশাল বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক আগামি ১৯ জানুয়ারি এ মামলার চার্জ গঠনের তারিখ নির্ধারণ করেছেন।