চুয়াডাঙ্গায় পুলিশের ক্রসফায়ারে চরমপন্থী নিহত
চুয়াডাঙ্গার জীবননগরে পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির (এমএল) এক সদস্য সোমবার ভোরে পুলিশের ক্রসফায়ারে নিহত হয়েছে। নিহতের নাম সুলে মণ্ডল।
পুলিশ জানায়, যশোরের চৌগাছা থেকে সুলে মণ্ডলকে রোববার রাত আটটার দিকে গ্রেপ্তার করা হয়। তাকে জিজ্ঞাসাবাদের জন্য যশোর থেকে জীবননগর থানায় আনা হয়। সে পুলিশের কাছে তার সহযোগী এবং অস্ত্র ভাণ্ডার সম্পর্কে ব্যাপক তথ্য দেয়।
তার দেয়া তথ্য অনুযায়ী জীবননগর থানা পুলিশ, চুয়াডাঙ্গা থানা পুলিশ এবং কোবরা সদস্যরা সোমবার ভোরে সুলে মণ্ডলকে সাথে নিয়ে অস্ত্র উদ্ধার করতে জীবননগরের আবু মণ্ডলের বাগানের কাছে পৌঁছলে আগে থেকে ওঁৎ পেতে থাকা তার সহযোগিরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে।
পুলিশও পাল্টা গুলি চালায়।
পুলিশ জানায়, উভয় পক্ষের মধ্যে গুলি বিনিময়ের সময় সুলে মণ্ডল পুলিশের হেফাজত থেকে পালানোর চেষ্টা করলে ক্রসফায়ারে পড়ে ঘটনাস্থলেই নিহত হয়।
পুলিশ ঘটনাস্থল থেকে একটি শাটার গান এবং পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করে।
পুলিশ জানায়, সুলে মণ্ডলের বিরুদ্ধে কমপক্ষে ১২টি হত্যা মামলা রয়েছে।
