২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ায় বাড়ি থেকে ডেকে নিয়ে কৃষককে হত্যা

বগুড়ার শিবগঞ্জ উপজেলার লক্ষ্মীকোলা দক্ষিণপাড়া গ্রামে ঈদের রাতে বাড়ি থেকে ডেকে নিয়ে দুর্বৃত্তরা মন্তেজার রহমান (৩৫) নামে এক কৃষককে ছুরিকাঘাতে হত্যা করেছে। বৃহস্পতিবার সকালে বাড়ির নিকটে বাদারপার গজারিয়া নদীর তীর থেকে তার রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়।

বগুড়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jan 2006, 08:02 PM

Updated : 26 Apr 2022, 03:20 PM

নিহতের পরিবারের সদস্যরা জানান, ঈদের দিন বুধবার রাত সাড়ে ৭টার দিকে কয়েকজন দুর্বৃত্ত গ্রামের মকছেদ আলীর ছেলে মন্তেজারকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। প্রায় ১২ ঘন্টা পর পরদিন সকাল ৭টার দিকে গজারিয়া নদীর তীর থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে।

দুর্বৃত্তরা বুকে ছুরিকাঘাত করে তাকে হত্যা করে। মন্তেজার হত্যাকাণ্ডের ব্যাপারে তার পরিবারের সদস্যরা কিছু বলতে পারেনি।

তবে গ্রামবাসীদের ধারনা জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে তাকে হত্যা করা হতে পারে।

এ ব্যাপারে নিহতের ভাই বাদি হয়ে শিবগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। পুলিশ হত্যার মোটিভ উদঘাটন ও হত্যাকাণ্ডে জড়িত কাউকে গ্রেপ্তার করতে পারেনি।