জয়পুরহাটে পৃথক সড়ক দুর্ঘটনায় ২জন নিহত
জয়পুরহাটে বৃহস্পতিবার রাত ও শুক্রবার সকালে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, শহরের মাদ্রাসা পাড়া এলাকার মোজাহার আলীর ছেলে মাহমুদুল ইসলাম মুসা (১৮) তার বন্ধু শাহিনুর রহমান আপেলকে (১৯) নিয়ে মোটর সাইকেলে করে বোনের বাড়িতে যাওয়ার পথে সকাল সাড়ে ৯ টায় জয়পুরহাট--পাঁচবিবি সড়কের পাইকরতলি নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মুসার মৃত্যু হয়।
আশংকাজনক অবস্থায় আপেলকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে একই সড়কে বৃহস্পতিবার রাত সাড়ে ৯ টায় অপর দূর্ঘটনায় একজন টেম্পু যাত্রী নিহত হয়েছে।
পুলিশ সূত্র জানায়, সদরের পুরানাপৈল রেলগেটের অদুরে আখবাহী একটি লরি একটি যাত্রীবাহী টেম্পুকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই এক যাত্রীর মৃত্যু হয়।
নিহতের নাম আরিফুল হক (১৬)। সে পাঁচবিবি উপজেলার বড় নারায়ণপুর গ্রামের আফাজ উদ্দিনের ছেলে।
