মক্কায় কুমিল্লার এমপি পত্নীর মৃত্যু সংবাদ সঠিক নয়
দেশের একটি স্যাটেলাইট চ্যানেলে বৃহস্পতিবার রাতের খবরে প্রচারিত মক্কার মিনায় পদদলিত হয়ে কুমিল্লার এমপি মনিরুল হক চৌধুরীর স্ত্রী’র মৃত্যুর সংবাদটি সঠিক নয় বলে শুক্রবার তার পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।
মক্কার মিনায় শয়তানের উদ্দেশে পাথর নিক্ষেপের সময় হাজীদের বিক্ষিপ্ত ছোটাছুটির কারণে পদদলিত হয়ে এ পর্যন্ত প্রায় সাড়ে তিন’শ হাজীর মৃত্যুর খবর পাওয়া গেছে। এছাড়া এ ঘটনায় আরো প্রায় আড়াই’শ হাজী আহত হয়েছে। আহত হাজীদের মিনার জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জাতীয় সংসদের ২৫৬ কুমিল্লা--৯ নির্বাচনী এলাকা থেকে নির্বাচিত বিএনপি দলীয় সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী এমপি, তার স্ত্রী সৈয়দা আজিজুন্নেসা (৪৫) এবং ছোট মেয়ে চৌধূরী সাদেকা মনির হজ পালনের উদ্দেশে সেসময় মিনায় অবস্থান করছিলেন। তারাও পদদলিত হয়ে আহত হন এবং একে অপরের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েন।
মনিরুল হক ও তার মেয়েকে নিরাপদে হোটেলে নিয়ে আসা হলেও তার স্ত্রীকে উদ্ধার কর্মীরা অজ্ঞান অবস্থায় হাসপাতালে নিয়ে যায়। তার সাথে যোগযোগ বিচ্ছিন্ন হওয়ার কারণে তার মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ে।
মনিরুল হকের বড় মেয়ে চৌধুরী সায়মা ফেরদৌস শাম্মী তার বাবা-মা ও বোনের সাথে বৃহস্পতিবার রাত ২টায় টেলিফোনে কথা হওয়ার পর সবাইকে নিশ্চিত করেন, তার মা সুস্থ্য রয়েছেন।
