২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে নিয়ন্ত্রণ হারিয়ে বাস পুকুরে, নিহত ১৫, আহত ২৫

সাভারে ঢাকাগামী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি পুকুরে পড়ে গেলে শিশুসহ কমপক্ষে ১৫ জন নিহত ও ২৫ জন আহত হয়েছে।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jan 2006, 02:51 PM

Updated : 26 Apr 2022, 03:20 PM

চার শিশুসহ নিহতদের পরিচয় এখন পর্যন্ত পাওয়া যায়নি।

পুলিশ, প্রত্যক্ষদর্শী ও আহত যাত্রীরা জানান, ভয়াবহ এ দুর্ঘটনার আগে ধামরাই থেকে ছেড়ে আসা গুলিস্তানগামী বাসটির চালক দ্রুত গতিতে চালাচ্ছিল। যাত্রীদের প্রতিবাদ সত্ত্বেও সে কোনো কর্ণপাত করেনি।

দুপুর দেড়টার দিকে সাভারের হেমায়েতপুর রাজ ফিলিং স্টেশনের কাছে বাসটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে একটি পুকুরে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ১৫ জন নিহত হয়।

যাত্রীদের আর্ত চিৎকারে স্থানীয়রা তাদের উদ্ধারে এগিয়ে আসে।

পুলিশ এবং ফায়ার সার্ভিসের ডুবুরিরা উদ্ধার কাজ শুরু করেছে। এ পর্যন্ত বাসের মধ্য থেকে ১৪ জনের লাশ উদ্ধার করা হয়েছে। হৃদয় বিদারক এ ঘটনায় এলাকার পরিবেশ ভারী হয়ে উঠেছে।  

আহত অবস্থায় ২৫ জনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীদের ধারনা, মৃতের সংখ্যা আরো বাড়তে পারে।

উদ্ধারকাজে যাতে ব্যঘাত না ঘটে সে কারণে র‌্যাব ও অন্যান্য আইন শৃংখলা রক্ষাকারী বাহিনী দুর্ঘটনাস্থল ঘিরে রেখেছে।