রংপুর ও পঞ্চগড়ে পৃথক ৩টি সড়ক দুর্ঘটনায় নিহত ১৩
রংপুর এবং পঞ্চগড়ে বুধবার ভোরে পৃথক তিনটি সড়ক দুর্ঘটনায় ১৩ জন নিহত এবং একশ’ জন আহত হয়েছে।
বিডিনিউজ রংপুর প্রতিনিধি জানান, রংপুরের মিঠাপুকুর উপজেলার বলদিপুকুর এলাকায় একটি ট্রাক এবং একটি বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত এবং ৬০ জন আহত হয়।
পুলিশ এবং প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা দিনাজপুরগামী যাত্রীবাহী একটি বাসের সাথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘন কুয়াশার কুয়াশার কারণে দিনাজপুরগামী বাসটিকে আরও একটি বাস ধাক্কা দিলে একে একে সাতটি বাসের মধ্যে সংঘর্ষ হয়।
এদিকে অপর একটি দুর্ঘটনায় রংপুরের পীরগঞ্জ উপজেলার বিশমাইল এলাকায় একটি বাস অপর একটি বাসকে ধাক্কা দিলে তিনজন নিহত এবং ৩০ জন আহত হয়।
বিডিনিউজ পঞ্চগড় প্রতিনিধির পাঠানো প্রাথমিক তথ্যে জানা যায়, পঞ্চগড়ে বুধবার ভোরে একটি সড়ক দুর্ঘটনায় আটজন নিহত হয়েছে।
