২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্যের সাথে পালিত হচ্ছে পবিত্র ঈদ উল আজহা

সারাদেশে বুধবার ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় মুসলমানদের অন্যতম বৃহত্তম ধর্মীয় উৎসব ঈদুল আজহা পালিত হচ্ছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jan 2006, 08:43 AM

Updated : 26 Apr 2022, 03:20 PM

ঢাকায় জাতীয় ঈদগাহ ময়দানে সকাল ৮টায়  প্রধান ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

এছাড়া সকাল ৭টা, ৮টা, ৯টা, ১০টা ও ১১টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পাঁচটি জামাত অনুষ্ঠিত হয়।

ঢাকা সিটি করপোরেশন জাতীয় ঈদগাহে বিদেশি কূটনীতিক ও মহিলাদের জন্যে নামাজের পৃথক জায়গার ব্যবস্থা করে।

এছাড়া এ বছর ঢাকা সিটি করপোরেশন ৯০টি ওয়ার্ডে ৩৬১টি ঈদ জামাতের ব্যবস্থা করে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে সকাল সাড়ে ৮টায় ও সাড়ে ৯টায় দুটি ঈদের জামাত অনুষ্ঠিত হয়। সকাল সাড়ে ৯টায় বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় মসজিদে ঈদ জামাত অনুষ্ঠিত হয়।

মালিবাগ এলাকায় আবুজর গিফারি কলেজে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এখানেও মহিলাদের জন্যে আলাদা ব্যবস্থা করা হয়।

আরামবাগ এলাকায় সকাল ৮, ৯ ও ১০টায় দেওয়ানবাগ শরীফে তিনটি জামাত অনুষ্ঠিত হয়।   

ঈদুল আজহা অবিস্মরণীয় এক প্রাচীন ইতিহাসকে স্মরণ করিয়ে দেয়।

ইসলাম ধর্ম অনুসারে, ইল্লাহর নির্দেশে হযরত ইব্রাহিম (আঃ) পৃথিবীতে তার সবচে’ প্রিয় বস্তু হিসেবে হযরত ইসমাঈল (আঃ)- কে কোরবানি দেওয়ার উদ্যোগ নেন। কিন্তু আল্লাহর কুদরতে হযরত ইসমাঈল (আঃ)- এর পরিবর্তে একটি দুম্বা কোরবানি হয়। হযরত ইব্রাহিম (আঃ) এর কঠিন ত্যাগের কথা স্মরণ করে প্রতিবছর মুসলমানরা পশু কোরবানি করে থাকে। তবে ধর্মীয় রীতি অনুসারে পবিত্র জিলহজ মাসের ১০, ১১ ও ১২ তারিখের যেকোনও দিন কোরবানি দেওয়া যায়।

এদিকে সৌদি আরবের সাথে মিল রেখে প্রতিবছরের ন্যায় এবারও চাঁদপুরে একদিন আগেই মঙ্গলবার ঈদুল আজহা পালিত হয়েছে।

মাদারীপুর বরিশাল, পটুয়াখালী, বরগুনা এবং ভোলা জেলার প্রায় অর্ধ লাখ পরিবার মঙ্গলবার পবিত্র ঈদুল আজহা পালন করে।

এছাড়া চট্টগ্রাম ও কক্সবাজারের ২৫টি স্থানে মঙ্গলবার ঈদুল আজহা পালিত হয়।