২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাকরি বাজারের পরিস্থিতি যাচাইয়ে কোনও কৌশল নেই সরকারের

২০০৫ থেকে ২০০৭ সালের মধ্যে ৮ দশমিক ০২ মিলিয়ন নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যমাত্রা নির্ধারণ করলেও চাকরি বাজারের অবস্থা কী, তা যাচাইয়ে সরকারের কোনও কৌশল নেই।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jan 2006, 08:29 PM

Updated : 26 Apr 2022, 03:20 PM

সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) নির্বাহী পরিচালক ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, এমনকি ২০০৪-০৫ অর্থবছরের অর্জনের কথাও কোনো সরকারি কাগজপত্রে উল্লেখ নেই।

বাংলাদেশ অর্থনীতি সমিতির সভাপতি অধ্যাপক কাজী খলিকুজ্জামান বলেন, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো চাকরির বাজার সম্পর্কিত তথ্য নিয়মিত হালনাগাদ করবে বলে আশা করা হলেও সময়ের চেয়ে কমপক্ষে এক বছর পেছনে পড়ে রয়েছে এটি।

কিন্তু বিশ্বের বেশিরভাগ দেশে এ সম্পর্কিত তথ্য প্রতিমাসেই হালনাগাদ করা হয় বলে তিনি উল্লেখ করেন।

শনিবার প্রকাশিত সিপিডি’র অর্ধবার্ষিক প্রতিবেদনে বলা হয়, পিআরএসপি বাস্তবায়নের সময়কাল ২০০৫ থেকে ২০০৭ সালের মধ্যে ৮ দশমিক ০২ মিলিয়ন নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে। এর মধ্যে গ্রামাঞ্চলে ৫ দশমিক ৩৯ মিলিয়ন এবং শহরাঞ্চলে ২ দশমিক ৬৩ মিলিয়ন কর্মসংস্থান সৃষ্টি করা হবে।

কিন্তু এক বছরে কত কর্মসংস্থান সৃষ্টি হয়েছে তা নির্ধারণের কোনও পন্থা নেই বলে উল্লেখ করেন দেবপ্রিয় ভট্টচার্য।

সিপিডি’র গবেষক অধ্যাপক মুস্তাফিজুর রহমান বলেন, চাকির বাজারের তথ্য সংগ্রহে সরকারের কোনও ব্যবস্থা নেই। অন্য সবার মতো আমরাও জানি, দেশে চাকরি বাজারের পরিস্থিতি কী।

বছরে ২৭ লাখ কর্মসংস্থান সৃষ্টির ব্যাপারে পিআরএসপি’র লক্ষ্যমাত্রা সম্পর্কে কাজী খলিকুজ্জামান বলেন, এটি প্রচারণা ছাড়া আর কিছুই নয়।

অর্থনীতিবিদরা বলছেন, গ্রামাঞ্চলের অর্থনীতি, বিশেষ করে কৃষিবহির্ভূত খাতের সংস্কার ছাড়া সরকার এ লক্ষ্যমাত্রা অর্জন করতে পারবে না।