উত্তরবঙ্গে তীব্র শীত, ২০ জনের মৃত্যু
উত্তরবঙ্গের জেলাগুলোতে তীব্র শীত পড়েছে। শীত ও শীতজনিত রোগে ইতোমধ্যে ২০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
বিডিনিউজ-এর প্রতিনিধিরা জানান, পাবনায় শীতের কারণে মারা গেছে সাতজন। রংপুরে শীতজনিত রোগে কমপক্ষে ছয়জন শিশু মারা গেছে বলে জানা গেছে। কুড়িগ্রামে নিউমোনিয়ায় মারা গেছে আরো তিনজন শিশু। ঠাকুরগাঁওয়ে শিশু ও বৃদ্ধসহ মারা গেছে চারজন। নীলফামারীতে শীত এবং কুয়াশার প্রকোপ দুইই বেড়েছে।
আবহাওয়া দফতর জানিয়েছে, রাজশাহী বিভাগে মাঝারি ধরনের কুয়াশার কারণে এই বিভাগের জেলাগুলোতে তীব্র শীত অনুভূত হচ্ছে। আকাশ আংশিক মেঘলা থাকাও এর আরেকটি কারণ। বরিশাল ও খুলনা বিভাগেও চলছে শীতের দাপট। তবে দেশের কোথাও এখন শৈত্য প্রবাহ চলছে না।
জানা যায়, শনিবার সর্বনিু তাপমাত্রা রেকর্ড করা হয় চুয়াডাঙ্গায় (১০ দশমিক এক ডিগ্রি সেলসিয়াস)। সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় কক্সবাজারে। সেখানে তাপমাত্রা ছিল ২৮ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়ার পূর্বাভাষে বলা হয়, আগামী ২৪ ঘন্টায় সারা দেশে রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে। সাধারণভাবে সারা দেশেই আকাশ থাকবে আংশিক মেঘলা।
বিডিনিউজ-এর পাবনা প্রতিনিধি জানান, প্রচণ্ড ঠাণ্ডায় ও শীত জনিত কারণে জেলার বিভিন্ন স্থানে ২৪ ঘন্টায় দু’জন শিশুসহ সাতজন মারা গেছে।
হাসপাতাল ও স্থানীয় সূত্র জানায়, নিহতরা হচ্ছে - জেলার সদর উপজেলার মাঝপাড়ার তছিরুন বেওয়া (৭২), রানীনগরের শেতল (৭৮) খাসচরের রহিম (নয়দিন), সাদীপুরের নুন মিয়া (৭৭), বেড়া উপজেলার পেঙ্গুয়া চরের আদেল খাঁ (৭০), সাথিয়ার তাজেল (নয়) এবং ভাঙুড়ার অষ্টমনি গ্রামের জেলহজ (৫৬)।
তবে জেলা স্বাস্থ্য আফিস শীতজনিত কারণে কেউ মারা গেছে বলে স্বীকার করছে না।
বিডিনিউজ রংপুর প্রতিনিধি জানান, গত তিনদিনে শীতজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে জেলায় ছয়জন শিশুর মৃত্যু হয়েছে। তীব্র শীতের কারণে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে ওই ছয়জন শিশুর মৃত্যু হয় বলে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল সূত্র জানায়।
নিহতরা হচ্ছে - মনির হোসেন (৮), খলিল (১ মাস), অনন্যা (৬ মাস), মাজহারুল (৫), বাবু (১ মাস) এবং বাবু (২ মাস)।
হাসপাতাল সূত্র জানায়, গত তিন দিনে নিউমনিয়ায় আক্রান্ত হয়ে প্রায় তিন শতাধিক শিশু হাসপাতালে ভর্তি হয়েছে।
শীতে সবচেয়ে বেশী কষ্ট পাচ্ছে ঘর-বাড়ি হারা ও চরাঞ্চলের মানুষ। হঠাৎ করেই তীব্র শীত পড়ায় শিশু ও বৃদ্ধরা কলেরা, নিউমনিয়া এবং ডায়রিয়াসহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। এসব আক্রান্তরা এখন বিভিন্ন হাসপাতাল, স্বাস্থ্য কমপ্লেক্স ও প্রাইভেট ক্লিনিকে চিকিৎসাধীন রয়েছে।
বিডিনিউজ ঠাকুরগাঁও প্রতিনিধি জানান, শীতজনিত কারণে ৪৮ ঘন্টায় জেলায় চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিহতরা হচ্ছে-- সদর উপজেলার আদর্শ কলোনীর আনোয়ার হোসেনের চারদিনের শিশুকন্যা, বালিয়াডাঙ্গী উপজেলার মহাজনের হাট গ্রামের আব্দুল কাদেরের ১০ দিনের শিশুপুত্র কলি, সালন্দর অশ্বনীগ্রামের বর্মন (৭২) এবং জগন্নাথপুরের দানার হাটের আব্দুল মালেক (৫০)।
প্রচণ্ড শীতের কারণে ডায়রিয়া, কলেরা, নিউমোনিয়াসহ আরো নানান সব রোগে আক্রান্ত হয়ে শত শত রোগী হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি হচ্ছে। সর্বত্র রোগীর ভিড় উপচে পড়ছে।
বিডিনিউজ কুড়িগ্রাম প্রতিনিধি জানান, জেলায় ৪৮ ঘন্টায় নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে মারা গেছে তিন শিশু। নিহতরা হচ্ছে-- বাবু ( দু’দিন), মহিন (দেড় মাস) ও খাদিজা (৫ মাস)।
নিউমোনিয়া ও ডায়রিয়ায় আক্রান্ত হয়ে শনিবার সদর হাসপাতালে ভর্তি হয়েছে আরো সাতজন শিশু। এছাড়া ছিন্নমুকুলের কুড়িগ্রাম ও চিলমারীর শিশু হাসপাতালে শতাধিক শিশু চিকিৎসা নিয়েছে।
বিডিনিউজ নীলফামারী প্রতিনিধি জানান, দারিদ্র্যপীড়িত নীলফামারী জেলা শুক্রবার বিকেল থেকে শনিবার সারাদিন ছিলো কুয়াশার চাদরে ঢাকা। এলাকার মানুষ গত দু’দিনেও সুর্যের মুখ দেখতে পায়নি। জেলার প্রায় চার লাখ খেতমজুর, রিকশা শ্রমিকসহ নিম্মআয়ের মানুষ আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে। ভর দুপুরেও মটরযানগুলোকে হেডলাইট জ্বালিয়ে ধীরগতিতে চলাচল করতে হচ্ছে।
