লেখক-কলামিস্ট শাহরিয়ার কবীর আদালতে ব্যক্তিগত হাজিরা থেকে মাফ পেলেন না
আদালতের সামনে ব্যক্তিগত ডাক্তারি সনদপত্র দাখিল করেও ব্যক্তিগত হাজিরা থেকে মাফ পেলেন না লেখক, কলামিস্ট, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সংগঠক শাহরিয়ার কবীর।
রোববার ঢাকার মূখ্য মহানগর হাকিম আদালতের দুই ম্যাজিস্ট্রেটের সামনে পৃথক দু’টি রাষ্ট্রদ্রোহিতার মামলায় হাজিরার জন্যে ধার্য দিনে শাহরিয়ার কবীরের পক্ষে ব্যক্তিগত হাজিরা মওকুফের জন্যে দরখাস্ত দেওয়া হয়।
দরখাস্তে গত বছর নিলফামারীতে সড়ক দুর্ঘটনার শিকার শাহরিয়ার কবীরের পক্ষে ঢাকার পঙ্গু হাসপাতালের চিকিৎসা সংক্রান্ত কাগজপত্র দাখিল করা হয়।
শুনানির পর মহানগর হাকিম আব্দুর রউফ খান এবং এমএ.সালাম পৃথক দু’টি মামলার দরখাস্ত নামঞ্জুর করেন।
শাহরিয়ার কবীরের পক্ষে দুই আইনজীবী দাবি করেন, অযথাই শাহরিয়ার কবীরকে মিথ্যা অভিযোগে ঝুলিয়ে রাখা হয়েছে।
২০০২ সালের ২২ নভেম্বর জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ‘বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের উপর নির্যাতনের’ চিত্র সম্বলিত ভিডিও ক্যাসেট, সিডি, ক্যামেরা, অডিও ক্যাসেটসহ শাহরিয়ার কবীরকে ৫৪ ধারায় গ্রেপ্তার করে ২০০২ সালের ৭ ডিসেম্বর রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ এনে বিমানবন্দর থানায় মামলা করা হয়।
পরে ডিসেম্বরের ১২ তারিখ মতিঝিল থানায় দুই বিদেশী সাংবাদিকের বিরুদ্ধে দায়ের করা রাষ্ট্রদ্রোহিতার মামলায়ও তাকে গ্রেপ্তার দেখানো হয়। এই দুই মামলায় তাকে কয়েকবার রিমান্ডে নেয়া হয়েছে। পরে মেট্রোপলিটান ম্যাজিস্ট্রেট ভিডিও ও অডিও ক্যাসেটের বিচার বিভাগীয় তদন্ত করেন।
