সারিয়াকান্দিতে জুয়ার বোর্ড থেকে আটক ৭ জনকে পুলিশ ছেড়ে দিতে বাধ্য হলো
সারিয়াকান্দি উপজেলা বাজারে রোববার দুপুরে জুয়ার বোর্ড থেকে আটক ৭ জুয়াড়িকে পুলিশ ক্ষমতাসীন দলের নেতাদের চাপের মুখে ছেড়ে দিয়েছে।
এরা হলোÑপৌর এলাকার বাদশার ছেলে শাহ সুলতান মিঠু (২৫), মোহাম্মদ আলীর ছেলে রাশেদুল (৩৫), আবু তাহেরের ছেলে রঞ্জিত (৩৫), নুরানী সাহার ছেলে মিলন দাস (২৮), গোসাইবাড়ি গ্রামের চাঁন মিয়ার ছেলে রানা মিয়া (২৫), দেবডাঙ্গা গ্রামের কেতু সরকারের ছেলে বাবলু (২৫) ও রামনগর গ্রামের আকবর মন্ডলের ছেলে মাসুদ মন্ডল (৩৫)।
প্রত্যক্ষদর্শীরা জানায়, রোববার দুপুরে উপজেলা বাজারে প্রকাশ্যে জুয়া খেলার সময় থানার দারোগা খায়রুল বাশার গোপন খবরের ভিত্তিতে তাদের আটক করে থানায় নিয়ে যায়।
পরে স্থানীয় ক্ষমতাসীন দলের নেতারা থানায় গিয়ে পুলিশের উপর চাপ সৃষ্টি করলে পুলিশ তাদের ছেড়ে দিতে বাধ্য হয়।
এ ব্যাপারে সারিয়াকান্দি থানার ওসি আবদুর রাজ্জাক খান জানান, চাপের মুখে নয় নেতাদের অনুরোধে তাদের ছেড়ে দেয়া হয়।
