এক বছরে মাত্র একটি ট্রেজারি বন্ড লেনদেন: বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে ব্যর্থ ট্রেজারি বন্ড ব্যবসা
সেকেন্ডারি মার্কেটের ট্রেজারি বন্ড (টিবি) ব্যবসা বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে ব্যর্থ হয়েছে। গত বছর জানুয়ারিতে আনুষ্ঠানিকভাবে এটি চালু হওয়ার পর লেনদেন হয়েছে মাত্র একটি ট্রেজারি বন্ড।
সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) একজন সিনিয়র কর্মকর্তা বিডিনিউজকে বলেন, প্রচলিত বাজারমূল্যের চেয়ে অপেক্ষাকৃত কম সুদের হার, লেনদেনে বিভিন্ন স্থির ও পরিবর্তনশীল ব্যয় ও কমিশন, প্রতি লটের জন্যে উচ্চ মূল্যমান ট্রেজারি বন্ড ব্যবসায় মন্দার কারণ।
সরকার গত বছর পুঁজি বাজারে সাধারণের জন্যে ১৮টি লটের মাধ্যমে ১৩ দশমিক ৫৮ বিলিয়ন টাকার ১৩৫,৮৬৫টি ট্রেজারি বন্ড উন্মুক্ত করে।
এর অর্ধেক ছিলো পাঁচ বছর মেয়াদী যার সুদের হার ছিলো ৭ দশমিক ৫ শতাংশ। বাকি অর্ধেক ছিলো ১০ বছর মেয়াদী এবং সেক্ষেত্রে সুদের হার ছিলো ৮ দশমিক ৫ শতাংশ। প্রতিটি ট্রেজারি বন্ডের মূল্যমান ছিলো এক লাখ টাকা।
এসব ট্রেজারি বন্ড ঢাকা স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত করা হয়।
সূত্র জানায়, ব্যবসা শুরুর দিন ১০ বছর মেয়াদী একটি ট্রেজারি বন্ডের লট লেনদেন হয়। তাতে যমুনা ব্যাংক লিমিটেড এবং বাংলাদেশ ইনভেস্টমেন্ট কর্পোরেশনের মধ্যে এক লাখ টাকা মূল্যমানের বিপরীতে ৯৫,৫০০ টাকায় প্রতিটি বন্ড লেনদেন হয়।
সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের ওই কর্মকর্তা বলেন, ট্রেজারি বন্ডের ক্ষেত্রে যে সুদের হার ঘোষণা করা হয়েছে তা বর্তমান বাজার মূল্যের সাথে সামঞ্জজ্যপূর্ণ নয়। তিনি প্রশ্ন রেখে বলেন, কোনও বিনিয়োগকারী যদি বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোতে স্বল্প মেয়াদে বিনিয়োগ করে ছয় থেকে আট শতাংশ সুদ পায় তবে কেন সে ট্রেজারি বন্ডে বিনিয়োগ করতে আগ্রহী হবে?
তিনি আরো জানান, এছাড়াও বিভিন্ন স্থির ও পরিবর্তনশীল ব্যয় এবং দালালদের কমিশনের কারণে ক্রেতা ও বিক্রেতারা পুঁজি বাজারের মাধ্যমে ট্রেজারি বন্ডের ব্যবসায় বিনিয়োগ করতে আগ্রহী হয়নি।
একটি মাত্র বন্ডের মূল্যমান এক লাখ টাকা হওয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, উচ্চ মূল্যমানের কারণেও সাধারণ বিনিয়োগকারীরা ট্রেজারি বন্ড ব্যবসায় নিরুৎসাহিত হয়েছে।
এসইসি কর্মকর্তা বলেন, বিভিন্ন খরচ কমানো গেলে মূল্যমান কমিয়ে আনা সম্ভব। ট্রেজারি বন্ড ব্যবসায় চার্জ কমাতে ঢাকা স্টক এক্সচেঞ্জ কর্তৃপক্ষ ইতিবাচক মনোভাব দেখিয়েছে বলে তিনি উল্লেখ করেন।
তিনি বলেন, বিনিয়োগকারীদের কাছে ট্রেজারি বন্ডকে আকৃষ্ট করার ক্ষেত্রে ঢাকা স্টক এক্সচেঞ্জ, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন এবং বাংলাদেশ ব্যাংক বেশ কিছু সমস্যা নির্ধারণ করেছে। এসব সমস্যা সমাধানে তারা একসাথে কাজ করবে বলে তিনি জানান।
বাংলাদেশ ব্যাংকের একজন সিনিয়র কর্মকর্তা বলেন, বিনিয়োগকারীরা যাতে জানতে পারে সেজন্যে আমরা ব্যাংকগুলোকে ট্রেজারি বন্ড ক্রয় ও বিক্রয় মূল্য প্রতিদিন জানাতে বলেছি।
তিনি বলেন, এটি ভবিষ্যতে ট্রেজারি বন্ড ব্যবসা স্থিতিশীল করতে সাহায্য করবে। এছাড়াও বিক্রয়ের ক্ষেত্রে জটিলতা কমিয়ে আনতে সরকার বিক্রয় কর ১০ শতাংশ পর্যন্ত কমিয়ে দিয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান নির্বাহী কর্মকর্তা সালাহউদ্দিন আহমেদ খান বলেন, এটি আমাদের ব্যর্থতা। আমরা বিনিয়োগকারীদের মধ্যে বন্ডের চাহিদা সৃষ্টি করতে পারিনি।
তিনি বলেন, পুঁজি বাজারের মাধ্যমে ট্রেজারি বন্ড ব্যবসার গুরুত্ব সংশ্লিষ্ট সকলকে অনুধাবন করতে হবে। তাহলেই এটি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের গুরুত্বপূর্ণ তারল্য উৎস হবে।
