বাংলাদেশে জঙ্গিবাদের উত্থান: নেপথ্যে রাজনৈতিক পৃষ্ঠপোষকতা
ইসলামী সংগঠনগুলোর প্রতি বাংলাদেশের বৃহত্তর রাজনৈতিক দলগুলোর প্রত্যক্ষ ও পরোক্ষ পৃষ্ঠপোষকতা দেশে জঙ্গিবাদের বিস্তারে ভূমিকা রেখেছে বলে বিশ্লেষকরা মনে করেন।
তাদের দৃষ্টিতে এ ব্যাপারে আরো যে বিষয়গুলো কাজ করেছে সেগুলো হল-দেশী-বিদেশি জঙ্গি নেতাদের কারো কারো মধ্যে পারস্পরিক আত্মীয়তা, প্রশাসন ও পুলিশের প্রত্যক্ষ সহযোগিতা, বিভিন্ন ইসলামী দল, এনজিও এবং ইন্স্যুরেন্স কোম্পানির অর্থ সরবরাহ।
এ ছাড়া দারিদ্র্য এবং অশিক্ষাও এর পেছনে কাজ করছে বলে তারা মনে করেন।
বিশ্লেষকরা আরো বলেন, ৮০-এর দশকে আফগানিস্তানে সোভিয়েত ইউনিয়নের দখলদারিত্বের সময় বেশ কয়েকটি পশ্চিমা দেশ দক্ষিণ এশিয়ার ইসলামী মৌলবাদীদের প্রশিক্ষণ এবং অস্ত্র ও গোলাবারুদ দিয়ে সরাসরি প্রশিক্ষণ দিয়েছে। তাদের উদ্দেশ্য ছিল তাদের দিয়ে সোভিয়েত বাহিনী তথা সমাজতন্ত্রের বিরুদ্ধে লড়াই।
ওই সময় পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তান ও ভারতের লাখ লাখ মুসলিম সোভিয়েতবিরোধী যুদ্ধে যোগ দেয়।
বাম সংগঠনের নেতারা অভিযোগ করেছেন, পশ্চিমা বিশ্বের বাংলাদেশের খনিজসম্পদ লুটের পায়তারা এবং সমাজতন্ত্রবিরোধী আন্দোলনে মৌলবাদীদের মদদ বাংলাদেশে জঙ্গিবাদ বিস্তারে গভীর প্রভাব ফেলেছে।
ভোটের রাজনীতি
ক্ষমতায় যাওয়ার জন্যে প্রধান দুই রাজনৈতিক দল বিভিন্ন সময় স্বাধীনতাবিরোধী জামাত ও অন্যান্য প্রতিক্রিয়াশীল দলগুলোর সাথে আপস করেছে। ক্ষমতার দৌড়ে টিকে থাকার জন্যে বিএনপি জোট বেধেছে প্রতিক্রিয়াশীল জামাতসহ অন্য তিন দলের সাথে। বিনিময়ে জামাতকে দিতে হয়েছে মন্ত্রিসভার দু’টি পদ। এর মধ্যে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী এবং গণহত্যার অন্যতম পরিকল্পনাকারী হিসেবে অভিযুক্ত জামাতের আমির মতিউর রহমান নিজামী উত্তরাঞ্চলের দায়িত্ব পেয়েছেন। ফলে ক্ষমতার অংশীদারিত্ব পেয়ে প্রতিক্রিয়াশীল দলগুলো এবং তাদের আশীর্বাদপুষ্ট ইসলামী এনজিও এবং ইন্স্যুরেন্স কোম্পানিগুলো বিভিন্ন সময় জঙ্গি তৎপতায় বিভিন্নভাবে সহায়তা দিয়েছে জেএমবি, হরকাতুল জেহাদ আল ইসলামী বাংলাদেশ (হুজি-বি), আল হিকমা এবং জাগ্রত মুসলিম জনতা বাংলাদেশকে (জেএমজেবি)।
কিন্তু নিজামী বরাবরই এ অভিযোগ অস্বীকার করে গেছেন।
সরকার শেষের দিকে এসে জঙ্গিবাদের কিরুদ্ধে কঠোর অবস্থ্ান নেয়। অথচ জঙ্গি বিরোধী কথা বলায় ২৪ নভেম্বর ক্ষমতাসীন বিএনপি থেকে বহিষ্কার করা হয় এমপি আবু হেনাকে।
রাজনৈতিক দলগুলোর পৃষ্ঠপোষকতা এবং অভাবী মানুষের সরলতাকে কাজে লাগিয়ে জঙ্গি সংগঠনগুলো দেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে তথাকথিত ইসলামী জেহাদের নামে সংগ্রহ করেছে হাজার হাজার তরুণকে। এসব তরুণ জঙ্গিদের সাথে বিভিন্ন অঞ্চলের প্রভাবশালীদের মেয়েদের বিয়ে দিয়ে তাদের ঘাঁটি বিস্তার করেছে।
শুধু রাজনৈতিক পৃষ্ঠপোষকতাই নয়, দেশের বিভিন্ন অঞ্চলে স্থানীয় প্রভাবশালী ব্যক্তি ও পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে আত্মীয়তার সম্পর্কের মাধ্যমেও জঙ্গিবাদী দলগুলো বিস্তার করেছে তাদের নেটওয়ার্ক।
সম্প্রতি নিষিদ্ধ হওয়া জঙ্গি সংগঠন জেএমবি’র কর্মকাণ্ডকে বিগত ১৫ বছর ধরে অত্যন্ত কাছ থেকে দেখেছেন জঙ্গিবাদ বিস্তারে অন্যতম অভিযুক্ত কারাবন্দি ড. আসাদুল¬াহ আল গালিবের নেতৃত্বাধীন আহলে হাদিস আন্দোলনের প্রচার ও প্রকাশনা সম্পাদক মওলানা লতিফ। তিনি বলেন, জেএমবি’র জঙ্গি কর্মকাণ্ডকে প্রথম থেকেই প্রকাশ্য বিরোধিতা করেছে আহলে হাদিস আন্দোলন।
লতিফ জানান, বিগত ১৫ বছরে সরকারের ভেতরের একটি অংশ, উত্তরবঙ্গের প্রভাবশালী রাজনৈতিক গডফাদার, প্রশাসনের ছত্রছায়া এবং পুলিশের প্রত্যক্ষ ও পরোক্ষ সহযোগিতায় উত্তরাঞ্চলসহ দেশব্যাপী জঙ্গিবাদের ডালপালা বিস্তার করেছে জেএমবি।
বিশ্লে¬ষকরা মনে করেন, বাংলাদেশের যে সমস্ত অঞ্চলে মাদ্রাসা আছে সেসব মাদ্রাসার ভোট কেনার প্রতিযোগিতা করে বাংলাদেশের বৃহত্তর রাজনৈতিক দলগুলো। আর এ সুযোগকে কাজে লাগিয়ে দরকষাকষির মাধ্যমে রাজনৈতিক দলগুলোর প্রত্যক্ষ সহযোগিতায় জঙ্গি তৎপরতায় জড়িয়ে পড়েছে জেএমবি।
ভোটের রাজনীতির কারণে জেএমবি’র জঙ্গি তৎপরতার কথা বলা হলেও সরকার সব সময়ই বলে এসেছে এটি ‘মিডিয়ার’ বানানো।
এমনকি দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় জঙ্গিরা ধরা পড়লেও রাজনৈতিক চাপ এবং পুলিশের দুর্বল মামলার কারণে মুক্তি পেয়েছে তারা।
বাংলাভাই এর ‘ডানহাত’ বলে পরিচিত জেএমবি’র দুর্ধর্ষ সন্ত্রাসী মাহতাব খামারুকে ধরার পরও উপর মহলের চাপে তাকে ছেড়ে দেয় র্যাব। চলতি বছরের শুরুতে কোটালীপাড়ায় ব্র্যাক অফিস লুট এবং বোমা পুতে রাখার ঘটনায় জেএমবি’র ঢাকা জোনের কমান্ডার এনায়েতুল¬াহ ওরফে জুয়েল গ্রেপ্তার হলেও উপর মহলের চাপে ছেড়ে দেওয়া হয়।
এছাড়া জেএমবি’র সামরিক শাখার প্রধান আতাউর রহমান সানি এবং মজলিশ-ই-শুরা’র সদস্য এবং শায়খ আবদুর রহমানের জামাতা আবদুল আউয়ালকে জয়পুরহাট পুলিশ ২০০৩ সালের ১৪ আগস্ট ক্ষেতলালে গুলিবিনিময়ের পর গ্রেপ্তার করে। পরে সরকারি দলের এক হুইপ এবং জয়পুরহাটের তৎকালীন জেলা প্রশাসকের (ডিসি) সুপারিশে তাদের ছেড়ে দেওয়ার অভিযোগ ওঠে।
মওলানা লতিফ বলেন, ‘২০০৪ সালের নভেম্বর মাস। দলীয় কাজে আমি তিস্তার বিস্তীর্ণ চরে আহলে হাদিস আন্দোলন-এর প্রতিষ্ঠিত মসজিদে যাই। বাদ যোহর ওয়াজ মাহফিল শুরু হওয়ার কথা। কিন্তু আশ্চর্য ব্যাপার হল, আসর পর্যন্ত কোন লোক এলো না। বাদ আসর কয়েকজনকে জিজ্ঞাসা করলে মনে হলো, তারা কিছু চেপে যাচ্ছে। তখন পরিচিত একজনকে এর কারণ জিজ্ঞেস করলে সে কিছু না বলে শুধু জিকির করতে বলতে থাকে ‘কেতাল - কেতাল - লাদেন লাদেন’। পরে জানতে পারলাম গভীর রাতে জঙ্গি প্রশিক্ষণ হবে। আরো পরে জেনেছি, শায়খ আবদুর রহমানসহ জেএমবি’র শীর্ষ নেতারা সেই প্রশিক্ষণে উপস্থিত ছিল। স্থানীয় দরিদ্র মানুষদের অনুভূতিকে কাজে লাগিয়ে শায়খ রহমান শত শত মানুষকে জঙ্গি প্রশিক্ষণ দিতেন। স্থানীয় রাজনৈতিক দল ও প্রশাসনের নাকের ডগায়ই এসব প্রশিক্ষণ চলতো’।
উত্তরাঞ্চলে জেএমবি এবং জেএমজেবি’র উত্থানকে অত্যন্ত কাছ থেকে পর্যবেক্ষণ করেছেন মানবজমিন পত্রিকার স্টাফ রিপোর্টার জামিউল আহসান সিপু।
সিপু জানান, ‘বাগমারায় বাংলাভাইয়ের যখন উত্থান হয় তখন আমি দৈনিক জনকণ্ঠ এবং দৈনিক মানবজমিন--এর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি হিসেবে কাজ করি। ক্ষমতাসীন দলের একজন নেতা ও মন্ত্রীর প্রত্যক্ষ এবং পরোক্ষ মদদে ধর্মের লেবাসধারী বাংলাভাই সেখানে নিজস্ব প্রশাসন চালু করেছিল। এছাড়া রাজশাহীর এসপি মাসুদ মিয়ার প্রত্যক্ষ সমর্থণ ছিল জেএমজেবি’র প্রতি’।
জামিউল আরও বলেন, ‘২০০৪ সালের ২ মে। রাজশাহীর সাংবাদিকদের একটি মাইক্রোবাসে করে বাগমারায় বাংলাভাইয়ের আস্তানায় নিয়ে যাওয়া হয়। এটিএন বাংলার স্থানীয় প্রতিনিধি সুজাউদ্দিন ছোটন, প্রথম আলো’র সাংবাদিক আনু মোস্তফা এবং ফটো সাংবাদিক নজরুল ইসলাম জুলু (বর্তমানে যুগান্তর এ কর্মরত) স্থানীয় পত্রিকা নতুন প্রভাত এর চীফ রিপোর্টার (বর্তমানে দৈনিক আমাদের সময়) আফজাল হোসেনসহ ওই মাইক্রোবাসে করে সাহেববাজার জিরো পয়েন্টে থেকে বাগমারা বাজারে পৌঁছলে সেখানে আমাদের স্বাগত জানায় বাংলা ভাই। সে আমাদের মাইক্রোর সামনের সিটে উঠে স্থানীয় একজন চেয়ারম্যানের বাসায় নিয়ে যায়’।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মনিটরিং কমিটির তথ্য অনুযায়ী ১৭ আগস্ট সিরিজ বোমা বিস্ফোরণ এবং এর পরবর্তী বোমা হামলায় এ পর্যন্ত ১৮২টি মামলা রুজু করা হয়েছে। এগুলোর মধ্যে ৭৫টি মামলার চার্জশিট আদালতে দাখিল করা হয়েছে এবং ১৩টি মামলা চার্জ শুনানির পর্যায়ে রয়েছে। এসব হামলায় জড়িত অভিযোগে চলতি মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত প্রায় ৮০০ জনকে গ্রেপ্তার করা হয়। চার্জশিট দাখিলকৃত ৭৫টি মামলায় এজাহারভুক্ত ৪৯ জন আসামির মধ্যে ৪৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ১০৭টি মামলা তদন্তাধীন আছে।
এছাড়া ২০০৫ সালের ৩ অক্টোবর চাঁদপুর, লক্ষ্মীপুর এবং চট্টগ্রামে বোমা হামলা ঘটনায় দায়েরকৃত পাঁচটি মামলারই চার্জশিট দাখিল করা হয়েছে।
জেএমবি সাত সদস্যবিশিষ্ট একটি মজলিশ-ই-শুরা দ্বারা নিয়ন্ত্রিত। এটিই দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী সংস্থা। এর প্রধান শায়খ আবদুর রহমান। শুরার অপর ছয় শীর্ষ সদস্য হলেন- শায়খ রহমানের ছোট ভাই এবং জেএমবি’র সামরিক শাখার প্রধান আতাউর রহমান ওরফে সানি, সিদ্দিকুল ইসলাম ওরফে বাংলা ভাই, আব্দুল আউয়াল, হাফেজ মাহমুদ, হাফেজ সালাহউদ্দিন এবং শায়খ তারেক। গ্রেপ্তারকৃত জঙ্গিদের দেওয়া তথ্য মতে, দেশব্যাপী জেএমবি, জেএমজেবি এবং হুজি’র কমপক্ষে ২,০০০ সদস্য আত্মঘাতী স্কোয়াডের সাথে জড়িত। তাদের বেশিরভাগই আফগানিস্তান থেকে প্রশিক্ষণপ্রাপ্ত।
