২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সারাদেশে ৬ জেএমবি সদস্য গ্রেপ্তার

পুলিশ সোমবার রাত ও মঙ্গলবার সারাদেশ থেকে ছয় জেএমবি সদস্যকে আটক করেছে। যশোর, জয়পুরহাট, বাগেরহাট ও দিনাজপুর থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jan 2006, 07:10 PM

Updated : 26 Apr 2022, 03:19 PM

বিডিনিউজ যশোর প্রতিনিধি জানান, যশোর কোতয়ালী থানা পুলিশ সোমবার গভীর রাতে কেশবপুরের পল্লীতে অভিযান চালিয়ে জঙ্গি সন্দেহে তিন জনকে আটক করেছে।

পুলিশের একটি সূত্র জানায়, খুলনা থেকে আটককৃত জেএমবি’র আত্মঘাতী দলের সদস্য রাকিব ও মাসুদের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী এই তিন জঙ্গিকে আটক করা হয়। আটককৃত তিন জঙ্গিরা হচ্ছে কেশবপুরের বাজিতপুর গ্রামের আসমত আলীর ছেলে কাওসার আলী (৫২), কিসমত আলীর ছেলে আব্দুল খালেক (১৭) এবং আলাতপোল গ্রামের ইসহাক আলীর ছেলে আবুল কাশেম (৪৫)। এদিকে র‌্যাব কর্তৃক খুলনা থেকে আটক রাকিব এবং মাসুদকে পাঁচ দিনের কোতয়ালী পুলিশের রিমান্ডে নেয়া হয়েছে।

বিডিনিউজ জয়পুরহাট প্রতিনিধি জানান, জয়পুরহাটের কালাই থানা পুলিশ মঙ্গলবার ভোরে জেএমবি সদস্য সন্দেহে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম সামছুল আলম (৩৫)। সে বামনগ্রামের ফছির উদ্দিনের ছেলে।

পুলিশ জানায়, সদর উপজেলার বামনগ্রামে অভিযান চালিয়ে সামছুলকে গ্রেপ্তার করা হয়। সামছুলকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এ নিয়ে জয়পুরহাটে ৫৮ জন সন্দেহভাজন জেএমবি সদস্যকে গ্রেপ্তার করা হলো।

বিডিনিউজ বাগেরহাট প্রতিনিধি জানান, বাগেরহাট থেকে পুলিশ মঙ্গলবার তোফাজ্জেল হোসেন (৪৫) নামের সন্দেহভাজন এক জেএমবি সদস্যকে গ্রেপ্তার করে।

মোরেলগঞ্জ থানা পুলিশ মঙ্গলবার সকালে পঞ্চকরণ ইউনিয়নের কুমারিয়া জোলা গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত তোফাজ্জেল ওই গ্রামের আব্দুল কাদেরের ছেলে এবং স্থানীয় একটি স্কুলের শিক্ষক। পুলিশ জানায়, জঙ্গি কর্মকাণ্ডে সম্পৃক্ততার অভিযোগে তোফাজ্জেলকে গ্রেপ্তার করা হয়। ডিবি পুলিশ তাকে বাগেরহাট সদর থানায় রেখে জিজ্ঞাসাবাদ করছে।

বিডিনিউজ দিনাজপুর প্রতিনিধি জানান, দিনাজপুর পার্বতীপুর উপজেলা থেকে পুলিশ সোমবার জেএমবি সন্দেহে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। 

জানা গেছে, জেলার পার্বর্তীপুর উপজেলার বড়পুকুরিয়া স্কুল এন্ড কলেজ থেকে জেএমবি সন্দেহে ক্বারী মো. আব্দুস সাত্তার (৩২) নামের এই ব্যক্তিকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত আব্দুস সাত্তারের কাছে ওয়াকিটকিসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র উদ্ধার করে। আব্দুস সাত্তার চাঁপাইনবাবগঞ্জ জেলার যাদবপুর এলাকার বাসিন্দা।