ফরিদপুরে আমন সংগ্রহ অভিযান দারুনভাবে বিঘ্নত
এ বছরের আমন সংগ্রহ অভিযান ফরিদপুরে গত ২৫ ডিসেম্বর থেকে কাগজে কলমে শুরু হলেও জানুয়ারি ২ পর্যন্ত এক কেজিও আমন সংগ্রহ করা হয়নি স্থানীয় সরকারি গুদামে।
স্থানীয় রাইচ মিল গুলো ঘুরে জানা গেছে, এবারে আমন সংগ্রহ অভিযানে সরকারি ভাবে প্রতি কেজি আমন চাল ও ধানের যে মূল্য নির্ধারণ করা হয়েছে তা বর্তমান বাজার মূল্যের তুলনায় অনেক কম। এই দ্বৈত দামের কারণে সরকারি লাইসেন্সধারী রাইচ মিল মালিকেরা এই আমন সংগ্রহ অভিযানের প্রতি আগ্রহ হারিয়ে ফেলেছে। অন্যদিকে তারা সরকারের বিরুদ্ধেই প্রচলিত নিয়ম ভঙ্গের অভিযোগ এনেছে।
ফরিদপুর জেলা খাদ্য নিয়ন্ত্রকের দপ্তর সূত্রে জানানো হয়েছে যে, এ বছর জেলায় আমন সংগ্রহ অভিযানে ৩৯৬ টন চাল ও ১৬৭ টন ধান সংগ্রহ করার লক্ষ্যমাত্রা নির্ধারন করেছে। এর মধ্যে সদর উপজেলা থেকে ১৮২ টন চাল ও ৩৫ টন ধান, বোয়ালমারী উপজেলা থেকে ৪১ টন চাল ও ১৮ টন ধান, সদরপুর উপজেলা থেকে ৬৬ টন চাল ও ২১ টন ধান, নগরকান্দা উপজেলা থেকে ৩১ টন চাল ও ২৯ টন ধান, মধুখালি উপজেলা থেকে ৩৭ টন চাল ও ২২ টন ধান, আলফাডাঙ্গা উপজেলা থেকে ১৬ টন চাল ও ১৪ টন ধান, চর ভদ্রাসন উপজেলা থেকে ৮ টন চাল ও ১৭ টন ধান সংগ্রহ করার লক্ষ্য নির্ধারন করা হয়েছে।
এই লক্ষ্যমাত্রা অর্জনের বিপরীতে এখনো পর্যন্ত এক কেজি চালও সংগৃহীত না হওয়ায় আশংকা করা হচ্ছে এবারের আমন সংগ্রহ অভিযান ব্যর্থ হবে। এদিকে ভারপ্রাপ্ত খাদ্য নিয়ন্ত্রক শাহজাহান বলেছেন, সরকারি লাইসেন্সধারী ৫৮ মিলের মধ্যে এখনো একটি রাইচ মিলও সরকারি গুদাম ঘরে এক মুঠও চাল জমা দেয়নি। তিনি আরো জানান যে, এবারের আমন সংগ্রহ অভিযানে প্রতি কেজি চালে মূল্য নির্ধারন করা হয়েছে ১৪ টাকা এবং প্রতি কেজি ধানের মূল্য ৯.২৫ টাকা। তবে বর্তমানে প্রতি কেজি চালের বাজার মূল্য ১৬-১৭ টাকা এবং প্রতি কেজি ধানের মূল্য হয়েছে ১০-১১ টাকা। এই দ্বৈত মূল্যের কারনে এবারের আমন সংগ্রহ অভিযান ব্যর্থ হবে বলে তিনি মনে করেন।
মেসার্স বিশ্বনাথ রাইচ মিলের মালিক বিশ্বনাথ সাহা এবং মোল্লা আটা ও রাইচ মিলের মালিক আবুল কালাম আজাদ বলেন, সরকারি ও বাজার মূল্যের পার্থক্যের কারনে এবারে সরকারি আমন সংগ্রহের লক্ষ্যমাত্রা অর্জিত হবেনা। তারা এ ব্যাপারে সরকারের সদিচ্ছাও নেই বলে অভিযোগ করেন। তারা বলেন, সরকার নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জনের জন্য রাইচ মিলগুলোকে ভর্তুকি দিলে লক্ষ্যমাত্রা অর্জিত হবে।
