২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ায় ঈদুল আযহাকে সামনে রেখে গরু চোর সিন্ডিকেট সক্রিয় ॥ এক সপ্তাহে গরু চুরি গেছে ২০টি

বগুড়ায় আসন্ন ঈদ-উল-আযহাকে সামনে রেখে গরু চোর সিন্ডিকেট সক্রিয়। গত এক সপ্তাহে জেলার বিভিন্ন এলাকা থেকে ২০টি গরু চুরি গেছে। কৃষকরা এখন গরু চুরির আতঙ্কে রাত জেগে গোয়াল পাহারা দিচ্ছে।

বগুড়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jan 2006, 10:07 AM

Updated : 26 Apr 2022, 03:19 PM

জানা যায়, গত ২৮ ডিসেম্বর সান্তাহারে প্রসাদখালি গ্রামে রাতে কৃষক ইসাহাক ও আব্দুল জব্বারের তিনটি গরু চুরি হয়। ২৯ ডিসেম্বরে ধুনটের বৈশাখী চর থেকে রাতে সাকা আকন্দের পাঁচটি, জামাল শেখের একটি, কৃষক জহিরের একটি গাভী এবং অপর গ্রাম শিমুলবাড়ির জনৈক কৃষকের তিনটি গরু চুরি হয়। ২৫ ডিসেম্বর যমুনার তীরে সারিয়াকান্দির পাইকরতলী গ্রামে হোসেন আলী ও নুরুল ইসলামের দু’টি গরু চুরি হয়।

ঈদুল আযহা আসলেই জামালপুর জেলার মাদারগঞ্জ ও সরিষাবাড়ী এলাকায় আন্তঃজেলা গরু চোর সিন্ডিকেট সক্রিয় হয়ে উঠে। বগুড়া ও জামালপুর জেলা সীমান্তের মাঝামাঝি যমুনার চর ও আশেপাশে প্রতি বছরই দুর্বৃত্তরা ঈদুল আযহা’র আগে নৌকাযোগে এসে গরু চুরি করে নিয়ে নদীপথে পালিয়ে যায়। এদের সাথে ধুনট ও সারিয়াকান্দির এলাকার কিছু চিহ্নিত ব্যক্তি জড়িত বলে জানা যায়।

এসব চিহ্নিত ব্যক্তিরা ইতোপূর্বে যমুনা নদী থেকে সার বোঝাই নৌকা ও গরু চুরি করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এদিকে জেলার অন্যান্য স্থানসহ ধুনট ও সারিয়াকান্দির চরাঞ্চল ও যমুনা পাড়ের গ্রাম থেকে চুরি করা গরু নদীপথে চলে যায় জামালপুর-ভূয়াপুর হয়ে ঢাকায়। এসব চক্রের সাথে ইউনিয়ন পরিষদের কিছু অসৎ চেয়ারম্যানের যোগসূত্র রয়েছে বলেও জানা যায়। চুরি করা গরুর সার্টিফিকেট এসব মেম্বার চেয়ারম্যানরাই উক্ত চক্রকে দিয়ে থাকে। যে কারণে হাটে গরু বিক্রি করতে চোর সিন্ডিকেটদের কোন সমস্যা হয় না।